ফ্রান্সের শাসনাধীন লা রেউনিয়ঁ দ্বীপের সৈকতে পাওয়া আরও কয়েকটি জিনিস নিয়ে গতকাল রোববার স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এগুলোর মধ্যে একটিকে উড়োজাহাজের দরজার অংশ বলে মনে করা হচ্ছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের হতাশ করে বলেছে, এগুলোর কোনোটির সঙ্গেই উড়োজাহাজের সম্পর্ক নেই বলে মনে হচ্ছে। খবর এএফপি ও রয়টার্সের।
ভারত মহাসাগরের ফ্রান্সশাসিত লা রেউনিয়ঁ দ্বীপে বুধবার একটি বিমানের পাখার অংশ পাওয়া যাওয়ার পর নিখোঁজ একটি মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মেলার আশা জাগে। খোদাই করা নম্বরের ভিত্তিতে পাখাটি একটি বোয়িং ৭৭৭ মডেলের বিমানের বলে নিশ্চিত হওয়া গেছে। মনে করা হচ্ছে, এটি নিশ্চিতভাবেই গত বছর রহস্যজনকভাবে নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০-এর, কারণ এ ছাড়া অন্য কোনো বোয়িং ৭৭৭ উড়োজাহাজ কখনোই সাগরে বিধ্বস্ত হয়নি।
পরিচ্ছন্নতাকর্মীরা বুধবার সাগরসৈকতে ফ্ল্যাপেরন নামে পরিচিত পাখার অংশটি পাওয়ার পর লা রেউনিয়ঁ দ্বীপের বাসিন্দাদের মধ্যে আরও ধ্বংসাবশেষ খুঁজে পেতে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তারা মাঠে নেমে সম্ভাব্য কিছু পেলেই কর্তৃপক্ষকে জানাচ্ছেন। গতকাল একটি দরজা ও কিছু ধাতব বস্তু পাওয়ার খবর আসে। তবে পরে বলা হয়, কথিত দরজাটি আসলে একটি বাড়িতে ব্যবহার করা মইয়ের অংশ। আর ধাতব জিনিসগুলোও বিমানের কিছু নয়।
পাখার অংশটি ফ্রান্সে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। এটি এমএইচ৩৭০ এরই অংশ ছিল কি না, তার নিশ্চিত প্রমাণ খুঁজছেন গবেষকেরা।