সৌদির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান
সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। রিয়াদের বিরুদ্ধে ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি এই আহ্বান জানানো হলো। খবর রয়টার্সের।
ইউরোপীয় পার্লামেন্টে এ-সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ৩৫৯ জন সদস্য ভোট দেন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ২১২ জন এমপি। ভোটদানে বিরত ছিলেন ৩১ জন।
তেলসমৃদ্ধ সৌদি আরব বেশির ভাগ অস্ত্রই কিনে থাকে যুক্তরাষ্ট্র থেকে। তবে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইইউ দেশগুলোর সঙ্গেও তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি রয়েছে। গতকাল পাস হওয়া ওই প্রস্তাবে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইইউভুক্ত দেশগুলোকে সৌদি আরবের কাছে আর অস্ত্র বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটি আইনগতভাবে মানতে সবাই বাধ্য নয়। তবে ইউরোপীয় আইনপ্রণেতারা আশা করছেন, এই প্রস্তাব সৌদির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইইউর ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হবে।
এএফপির খবরে বলা হয়, পাস হওয়া প্রস্তাবে সৌদি আরবের বিরুদ্ধে একটি ‘ইইউ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে কার্যক্রম শুরু করতে’ ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ফেদেরিকা মগেরিনির প্রতি আহ্বান জানানো হয়েছে। ইপির এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের ওপর সৌদির নেতৃত্বাধীন জোটের নৌ অবরোধ এবং তাদের বিমান হামলার বিষয়ে ইউরোপীয় আইনপ্রণেতারা উদ্বেগও প্রকাশ করেছেন। কারণ, এর ফলে ইয়েমেনে ‘হাজার হাজার প্রাণহানি’ যেমন হয়েছে, তেমনি দেশটি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে।
ইয়েমেন সংঘাতে সুন্নিপন্থী সৌদি আরব এবং তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়াপন্থী ইরান উভয়ই দেশকে ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড়’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘বেসামরিক লোক, চিকিৎসাকর্মী ও ত্রাণকর্মীদের বিরুদ্ধে আক্রমণ বন্ধের পাশাপাশি স্থলযুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি অস্ত্রবিরতি জরুরি ভিত্তিতে দরকার। সেটা হলেই ইয়েমেনি লোকজনের কাছে জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী পাঠানো সম্ভব হবে।’
ইয়েমেনে গত বছরের মার্চ মাসে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি বাহিনী। তার আগে দেশটির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল ইরান-সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা।