সৌদির বিরুদ্ধে জার্মানিতে সালাফিদের সহযোগিতার অভিযোগ
জার্মানিতে উগ্রপন্থী সালাফি আদর্শের অনুসারী ইসলামি সংগঠন বা ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ ঘোষণা করার পর ওই ধর্মীয় সংগঠনটিকে সৌদি আরব, কুয়েত ও কাতারের বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতার অভিযোগ উঠেছে।
চার সপ্তাহ আগে জার্মানিতে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার পর জার্মানি সরকার সৌদি আরবকে এই ধরনের সন্ত্রাসী ইসলামি সংগঠনগুলোকে আর্থিক অনুদান বা সহযোগিতা না করতে অনুরোধ করেছে।
জার্মানির গোয়েন্দা সংস্থা জানিয়েছেন, দেশটিতে সালাফি আদর্শের ন্যূনতম ১০ হাজার অনুসারী রয়েছে। এরা মসজিদ নির্মাণ, ধর্মীয় প্রশিক্ষণ, ধর্মীয় প্রচার ও গবেষণা কাজের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে দীর্ঘদিন থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করছিলেন। গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে সালাফি অনুসারীদের দ্বারা যেন জার্মানিতে অবস্থানরত শরণার্থীরা সেদিকে ঝুঁকে না পড়ে সেদিকে তাদের সতর্ক দৃষ্টি রয়েছে।
জার্মানির দুটি গোয়েন্দা সংস্থা সালাফিদের আর্থিক সহযোগিতার ব্যাপারে কুয়েতের রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি, কাতারের শেখ ঈদ চ্যারিটি ফাউন্ডেশন ও সৌদি আরবের মুসলিম ওয়ার্ল্ড লীগ নামের সংগঠনগুলোকে শনাক্ত এবং আর্থিক লেনদেনের প্রমাণ খুঁজে পেয়েছে।
সালাফি আন্দোলন বা দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে জার্মানির ছোট-বড় শহরগুলোর কেন্দ্রস্থলে ধর্মীয় বইপুস্তক বিতরণ এবং ধর্মীয় বিষয় নিয়ে জনসাধারণের সঙ্গে আলোচনা করে আসছিলেন।
সংগঠনটিকে নিষিদ্ধ করার ব্যাপারে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী লোথার ডা ম্যাজেয়ার গত মাসে বলেছিলেন, ‘জার্মানির মতো গণতান্ত্রিক দেশে মৌলবাদী কোনো আন্দোলনকে ছাড় দেওয়া হবে না।’ ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনটির বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসের পক্ষে লড়াই করতে ১৪০ জন জার্মান তরুণকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।