সৌদির বিরুদ্ধে জার্মানির গুরুতর অভিযোগ
জার্মানিতে সালাফি আদর্শের অনুসারী ইসলামি সংগঠন বা ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ ঘোষণা করার পর সংগঠনটিকে সৌদি আরব, কুয়েত ও কাতারের বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দ্য ট্রু রিলিজিয়নের বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসের পক্ষে লড়াই করতে ১৪০ জন জার্মান তরুণকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।
চার সপ্তাহ আগে জার্মানিতে এ সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। এরপর জার্মানি সরকার সৌদি আরবকে এ ধরনের সংগঠনগুলোকে আর্থিক অনুদান বা সহযোগিতা না দিতে অনুরোধ করে।
জার্মানির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, জার্মানিতে সালাফি আদর্শের প্রায় ১০ হাজার অনুসারী রয়েছে। তারা মসজিদ নির্মাণ, ধর্মীয় প্রশিক্ষণ, ধর্মীয় প্রচার ও গবেষণাকাজের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে দীর্ঘদিন থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করছিল। জার্মানিতে অবস্থানরত শরণার্থীদের সেদিকে ঝুঁকে পড়ার ঝুঁকি রয়েছে। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মিউনিখের পত্রিকা সুদ ডয়েচে সাইটুং জানিয়েছে, সৌদি আরব ধর্মীয় কাজের আড়ালে সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দিচ্ছে। কুয়েতের রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি, কাতারের শেখ ঈদ চ্যারিটি ফাউন্ডেশন ও সৌদি আরবের মুসলিম ওয়ার্ল্ড লিগ নামের সংগঠনগুলোর সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে।
সংগঠনটিকে নিষিদ্ধ করার ব্যাপারে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী লোথার ডা ম্যাজেয়ার গত মাসে বলেছিলেন, ‘জার্মানির মতো গণতান্ত্রিক দেশে মৌলবাদী কোনো আন্দোলনকে ছাড় দেওয়া হবে না।’