স্ত্রী-সন্তানদের থেকে আলাদা থাকছেন জেলেনস্কি, স্ত্রী বললেন ‘ও বদলায়নি’
ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, এক মাসেরও বেশি সময় ধরে তিনি ও তাঁর স্বামী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলাদা থাকছেন। সন্তানদের সুরক্ষার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে পাঠানো এক ই–মেইল বার্তায় এসব কথা বলেছেন তিনি। খবর বিবিসির।
ই–মেইলে ওলেনা লিখেছেন, ‘ভলোদিমির ও তাঁর সহযোগী দল মূলত প্রেসিডেন্টের কার্যালয়ে থাকে। বিপদের আশঙ্কায় সন্তানদের নিয়ে আমার সেখানে থাকা নিষেধ। আর তাই এক মাসের বেশি সময় ধরে আমাদের মধ্যে শুধু টেলিফোনেই যোগাযোগ হচ্ছে।’
জেলেনস্কা মনে করেন, ভলোদিমির জেলেনস্কি বাবা হিসেবে দারুণ। যুদ্ধকালীন নেতৃত্ব পালনের মধ্যেও জেলেনস্কি তাঁর পিতৃত্বের ভূমিকা থেকে সরেননি। ই–মেইল বার্তায় ইউক্রেনের ফার্স্ট লেডি লিখেছেন, ‘ও বদলায়নি।’
যুদ্ধ পরিস্থিতিতে নিজের মানসিক অবস্থার কথাও উল্লেখ করেন ওলেনা জেলেনস্কা। তিনি বলেন, তাঁর নিজের কাছে মনে হয়, একটি দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। কীভাবে এমনটা করতে পারছেন, তা নিয়ে ভাবারও সুযোগ নেই। তাতে সময় ও ভারসাম্য দুটোই নষ্ট হওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন তিনি।
ফার্স্ট লেডি চান এ যুদ্ধ যেন ইউক্রেনীয়দের অভ্যাসে পরিণত না হয়ে যায়।
ইউক্রেনীয়দের মৃত্যুর ঘটনা যেন কেবলই একটি সংখ্যা না হয়। ওলেনা বলেন, ‘দুঃখের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন না।’
ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওলেনা জেলেনস্কার পরিচয় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। ২০০৩ সালে বিয়ে করেন তাঁরা।