স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি পেত্রো-পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনবাস এলাকায় ‘স্থায়ী যুদ্ধবিরতির’ বিষয়ে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো।
আজ বুধবার ফোনালাপের পর দুই দেশের নেতা এ বিষয়ে সম্মত হয়েছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে।
রয়টার্সের খবরে জানানো হয়, দুদেশের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হলেও ইউক্রেনের সরকারি বাহিনী ও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি।
পেত্রো পোরেশেনকোর জনসংযোগ বিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘ইউক্রেন ও রাশিয়ার দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে। তাঁরা দোনবাস এলাকায় স্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছেন। আর এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
এর আগে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেছিলেন, ইউক্রেনে ছয় মাস ধরে চলা সংকট সমাধানে করণীয় কী, তা নিয়ে রাশিয়ার নেতা ও পেত্রো পোরোশেনকো টেলিফোনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। তবে ফোনালাপ ও যুদ্ধবিরতির বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি।
এ বিষয়ে দোনবাসের অ্যাইদার স্বেচ্ছাসেবী মিলিশিয়া ব্যাটালিয়নের কমান্ডার সেরহি মেলনিকহুক স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকে যখন যুদ্ধবিরতির কথা শুনলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের ওপর দুই দফায় গুলি ছোড়ে বিদ্রোহীরা।’ তিনি বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো নির্দেশ পাইনি। রাশিয়ার উচিত আমাদের মাটি থেকে তাঁদের বাহিনী প্রত্যাহার করা। ...আমাদের এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আমরা জাতিকে ধ্বংস করে দিচ্ছি।’
দোনবাসের সবচেয়ে বড় শহর দোনেত্ক্স শহরে থাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী এক শীর্ষ নেতার বরাত দিয়ে ইনটারফ্যাক্স জানায়, কিয়েভ যুদ্ধবিরতি মেনে নিলে রাশিয়াপন্থী বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান বন্ধ করতে প্রস্তুত।
বিদ্রোহীদের ঘোষিত ‘দোনেত্স্ক পিপলস রিপাবলিক’-এর স্থানীয় অ্যাসেম্বলির ডেপুটি মিরোস্লাব রুদেনকো বলেন, ‘যদি ইউক্রেন যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে আমরাও রাজনৈতিকভাবে এ সংকট সমাধানে প্রস্তুত।’
জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধে এ পর্যন্ত ২ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।