স্থায়ী সমাধান কোন পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট বাশার আল–আসাদ
প্রেসিডেন্ট বাশার আল–আসাদ

সিরিয়ায় যুদ্ধ শেষ হোক—এমনটাই চায় পরাশক্তি দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চার বছর ধরে চলমান ওই লড়াইয়ের ইতি কীভাবে টানা যায়, তা নিয়ে বিতর্কও হচ্ছে। কিন্তু সিরিয়া সম্পর্কে ভালো জানেন—এমন অনেকে বলছেন, সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে পশ্চিমা দেশগুলোর সঠিক ধারণার ঘাটতি রয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে ২০১১ সালে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দেশটির অভ্যন্তরের জীবনবাস্তবতা, সহিংসতার প্রকৃত অবস্থা এবং গত চার বছরের পরিস্থিতির মূল কারণগুলো বিবেচনায় না নিয়ে সংকট নিরসনের কোনো চেষ্টায় সাফল্যের সম্ভাবনা নেই বলেই মত বিশেষজ্ঞদের। তাহলে সিরিয়া সংকটের সবচেয়ে টেকসই সমাধান কী হতে পারে? কাতারভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান আল-জাজিরার এ প্রশ্নের জবাবে চারজন বিশেষজ্ঞ নিজেদের মতামত দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট ইনস্টিটিউটের ইনিশিয়েটিভ ফর ট্র্যাক টু ডায়লগসের পরিচালক র্যান্ডা সেলিম মনে করেন, পশ্চিমা দেশগুলো সিরিয়া যুদ্ধকে মূলত তিনটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। এক, নিরাপত্তার ক্ষেত্রে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হুমকি। দুই, ইউরোপে লাখো সিরীয় শরণার্থীর প্রবেশ। তিন, সিরিয়ায় বিদ্রোহী দমনে বেসামরিক এলাকাগুলোয় সরকারি বোমাবর্ষণে বহু হতাহতের ঘটনা এবং প্রতিবেশী দেশ তুরস্ক ও লেবাননে বহু মানুষের অভিবাসন।
র্যান্ডা সেলিম বলেন, প্রেসিডেন্ট বাশারের সঙ্গে আলোচনার মাধ্যমে আইএস জঙ্গিদের যেমন পরাস্ত করা যাবে না, তেমনি সংকটের কোনো রাজনৈতিক সমাধানও হবে না। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো বরং দামেস্কের পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরানের সঙ্গে আলোচনা করতে পারে।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে। তারপর সিরিয়ায় আইএসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রুশ বিমানের হামলা শুরু হয়েছে। ক্রেমলিনের সাবেক উপদেষ্টা আলেক্সান্দর নেক্রাসভ বলেন, আসাদের পরিণতি একটি সংকটপূর্ণ বিষয় হিসেবেই রয়ে যাবে। ক্ষমতা থেকে তাঁর বিদায়ের সম্ভাব্য সময় এবং শর্তাবলি নিয়ে নানা ঝঞ্ঝাট রয়েছে।
সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষক আমর ওয়াকাফ মনে করেন, রাশিয়ার সর্বশেষ সামরিক হস্তক্ষেপে খুব গুরুত্বপূর্ণ একধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হতে পারে। এতে সিরিয়ার বিদ্রোহীদের কাছে এই বার্তা পৌঁছাবে যে তারা শিগগিরই জয় পাবে না। গৃহযুদ্ধের শুরু থেকে তারা যে রকম ভাবছিল, পরিস্থিতি তার বিপরীত।
যুক্তরাষ্ট্রের আর্কাডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামের আবুদ বলেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভাবনায় বিস্তর ফারাক রয়েছে। বাশার আল-আসাদ দেশটির সম্ভাব্য পরিবর্তন-প্রক্রিয়ার অংশ হবেন কি না, তা নিয়ে বিতর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় আড়ালে চলে যাচ্ছে। আর সেটা হলো, তাঁকে অপসারণ করলেও সংকট নিরসনের ব্যাপারটা অনেক দূরে রয়ে যেতে পারে।