স্নোডেন 'বিশ্বাসঘাতক' নন: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আকারে গোপন তথ্য ফাঁস করে দিয়ে আলোচিত এডওয়ার্ড স্নোডেন ‘বিশ্বাসঘাতক’ নন বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোনের নেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
স্টোনের নেওয়া ‘পুতিনের সাক্ষাৎকার’ শীর্ষক সাক্ষাৎকারটির একাংশ গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ক্রেমলিনে একটি গাড়ির চালকের আসনে বসে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট। আর তিনবার অস্কারবিজয়ী স্টোন তাঁর কথা শুনছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আকারে তথ্য ফাঁস করে দিয়ে আলোচিত স্নোডেনকে রাশিয়ায় আশ্রয় দিয়েছেন পুতিন। স্টোন তাঁর সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, তিনি কোন চোখে স্নোডেনকে দেখেন। এর জবাবে পুতিন বলেন, স্নোডেন ‘বিশ্বাসঘাতক নন’ এবং ‘তিনি এমন কোনো তথ্য অন্য দেশকে দেননি, যার পরিপ্রেক্ষিতে তাঁর নিজের জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’