স্পষ্টবাদী কার্ডিনালের পদাবনতি করলেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস স্পষ্টবাদী ও রক্ষণশীল হিসেবে পরিচিত কার্ডিনাল রেমন্ড বার্ককে (৬৬) ভ্যাটিকানের বিচার প্রশাসনের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দিয়েছেন। রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচির কড়া সমালোচক ছিলেন রেমন্ড বার্ক। খবর রয়টার্সের।
কোনো মন্তব্য ছাড়াই গত শনিবার বার্কের পদাবনতির খবর জানায় ভ্যাটিকান কর্তৃপক্ষ। এই পদাবনতির ফলে বার্ক ভ্যাটিকানের সর্বোচ্চ আদালতের প্রধানের পদ থেকে একটি দাতব্য প্রতিষ্ঠান নাইটস অব মাল্টার আলংকারিক পদ পেয়েছেন। গত মাসে বার্ক বলেছিলেন, তাঁকে নতুন জায়গায় সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো বার্কের পদাবনতি হলো। গত ডিসেম্বরে বিশপ নিয়োগের একটি বিভাগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
ভ্যাটিকানের মার্কিনদের মধ্যে সর্বোচ্চ পদের অধিকারী ছিলেন রেমন্ড বার্ক। বেশ উদার হিসেবে পরিচিত পোপ ফ্রান্সিসের সংস্কারের কড়া সমালোচনা করে তিনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন। গত মাসে স্পেনের একটি সাময়িকীর সঙ্গে এক সাক্ষাৎকারে বার্ক পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ক্যাথলিক চার্চকে ‘হালছাড়া নৌকার’ সঙ্গে তুলনা করেন।