স্পেনে গাড়ির শোভাযাত্রার দুর্ঘটনা, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ির শোভাযাত্রা চলাকালে চালক নিয়ন্ত্রণ হারালে একটি গাড়ি সড়ক ছেড়ে দর্শকদের ওপর উঠে যায়। এতে এক অন্তঃসত্ত্বা নারীসহ ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর শোভাযাত্রাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার রাত আটটার দিকে গালিসিয়া প্রদেশের ক্যারাল শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি খুবই দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির চালক অক্ষত রয়েছেন।

টেলিভিশনের ভিডিও চিত্রে দেখা গেছে, শোভাযাত্রার সময় একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে দর্শকদের ভেতরে ঢুকে যায়।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন।