স্পেনে জঙ্গিবিমান বিধ্বস্ত, নিহত ১০
স্পেনের এক সামরিক ঘাঁটিতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সামরিক কর্মকর্তারা জানান, মধ্য স্পেনের অ্যালবাকেট এলাকায় লস লায়ানোস বিমানঘাঁটিতে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গ্রিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘাঁটিতে অপর কয়েকটি বিমানের ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়, ন্যাটোর একটি বিমান মহড়া চলার মধ্যে ঘটে ওই দুর্ঘটনা। বিমানটি উড্ডয়নের পর এর দুই পাইলটের একজনের ত্রুটির কারণে এটি ঘটেছে। দুর্ঘটনায় দুই পাইলটই মারা যান। কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। তাঁদের ছয়জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের আকাশে অগ্নিকুণ্ড জ্বলে উঠতে এবং ঘনকালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। হতাহত ব্যক্তিদের অধিকাংশই স্পেনের অধিবাসী নন বলে মনে করা হচ্ছে।