স্পেনে বান্ধবীর সঙ্গে দেখা গেল রাজকুমারী লতিফাকে
রাজকুমারী লতিফার নতুন আরও একটি ছবি প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের পোস্টে মাদ্রিদ বিমানবন্দরে এক বান্ধবীর সঙ্গে রাজকুমারী লতিফাকে দেখা গেছে। খবর বিবিসির।
ইনস্টাগ্রামে ওই ছবি পোস্ট করেছেন রাজকুমারী লতিফার বান্ধবী সায়োনেড টেলর। তিনি রাজকুমারী লতিফার দীর্ঘদিনের বান্ধবী। পোস্টে টেলর লেখেন, ‘লতিফার সঙ্গে সুন্দর ছুটি কাটছে। আমরা মজা করছি।’ স্পেনের রাজধানী মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে তোলা ওই ছবিতে লতিফা ও তাঁর বান্ধবীর মুখে মাস্ক দেখা গেছে।
ফ্রি লতিফা ক্যাম্পেইনের সহপ্রতিষ্ঠাতা ডেভিড হেইগ এক বিবৃতিতে জানান, লতিফার পাসপোর্ট রয়েছে। তাঁকে বিদেশে ভ্রমণ করতে দেখে ও আনন্দ করতে দেখে তিনি খুবই সন্তুষ্ট। ডেভিড হেইগ বলেন, রাজকুমারী লতিফা ফ্রি লতিফা টিমের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তবে এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
এর আগে গত মে মাসে ইনস্টাগ্রামে লতিফার সঙ্গে দুটি ছবি পোস্ট করেন সায়োনেড টেলর। একটি ছবিতে দুবাইতে একটি শপিং মলে লতিফার সঙ্গে টেলরকে দেখা যায়। আরেকটি ছবিতে তাঁদের একটি রেস্তোরাঁয় দেখা গেছে।
পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তিনি ধরা পড়ে যান। ওই ঘটনা সারা বিশ্বে আলোচনার জন্ম দেয়। এ ছাড়া আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় নারী অধিকারের বিষয়টি আবারও সামনে চলে আসে।
আটক করে নিয়ে যাওয়ার পর বন্দী অবস্থায় কয়েক মাস ধরে নিজের ফোনে গোপনে ভিডিওগুলো রেকর্ড করেন লতিফা। শৌচাগারের ভেতরে ভিডিওগুলো রেকর্ড করা হয়। কারণ, একমাত্র শৌচাগারের দরজাই বন্ধ করার সুযোগ ছিল।
লতিফার বাবা শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম বিশ্বের ধনী শাসকদের একজন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টও।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির বিশেষ অনুষ্ঠান ‘বিবিসি প্যানোরামা’র হাতে লতিফার কয়েকটি ভিডিও আসে। একটি ভিডিওতে লতিফাকে বলতে শোনা যায়, নৌকায় পালিয়ে যাওয়ার সময় কমান্ডোরা তাঁকে আটক করেন এবং আবারও আটককেন্দ্রে নিয়ে যান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তাঁর মুক্তির ব্যবস্থা করতে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।