স্পেনে বিদেশি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৩
স্পেনের বার্সেলোনা ও ভ্যালেনসিয়া শহরের মাঝামাঝি এলাকায় বিদেশি শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহত সবাই নারী। তাঁরা কোন দেশের, তা এখনো জানা যায়নি।
আতশবাজি উৎসবে অংশ নিয়ে প্রায় ৫৭ জন শিক্ষার্থী ওই বাসে করে বার্সেলোনায় ফিরছিলেন। দুর্ঘটনায় ৪৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসের চালক বেঁচে গেছেন।
বার্সেলোনা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে ফ্রেগিনাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্পেনের কর্মকর্তারা বলছেন, ওই বাসে যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, ইতালি, পেরু, বুলগেরিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ফিলিস্তিন, জাপান, ইউক্রেনের শিক্ষার্থীরা ছিলেন।
কাতালোনিয়ার আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জর্দি জ্যান বলেন, চালক গাড়িটি ডানে নেওয়ার পরে হুট করে বাঁয়ে ঘুরিয়ে নেন। এরপর গাড়িটি দ্রুত রাস্তার আরেক দিকে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা দুজন আহত হন। জ্যান বলেন, বাসের আরোহীদের বেশির ভাগ যাত্রী বিদেশি। তাঁরা কাতালোনিয়া ও বার্সেলোনায় পড়াশোনা করেন। সেখান থেকে তাঁরা ভ্যালেনসিয়ায় যাচ্ছিলেন।
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ শিক্ষার্থী টাল্লুলাহ লিয়নসকে বলেন, দুর্ঘটনার সময় ঘুম ভেঙে যায়। হামাগুড়ি দিয়ে তিনি বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন।
বাসের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, পরীক্ষায় দেখা গেছে তিনি মাদকদ্রব্য সেবন করেননি।