স্পেনে বিদ্যুৎ যখন বিলাসিতা
স্পেনে বিদ্যুতের বড়ই অভাব। সেখানকার লাখো মানুষ বিদ্যুতের অভাবে আঁধারে দিন কাটাচ্ছেন। বিদ্যুৎ খরচ কমাতে কেউ বাতি জ্বালছেন না, প্রচণ্ড শীতে ঘর গরম করছেন না। সপ্তাহে মাত্র এক দিন গোসল করছেন।
স্পেনের সমাজকল্যাণ সংস্থাগুলো অনেক দিন ধরে এ পরিস্থিতির বিষয়ে সতর্ক করে আসছে। কিন্তু সম্প্রতি মোমবাতির আলো জ্বালতে গিয়ে ৮১ বছর বয়সী নারী দগ্ধ হয়ে মারা যাওয়ার পর বিষয়টি সবার সামনে এসেছে।
দেশটির সমাজতান্ত্রিক দলের সাংসদ পিলার লুসিও বর্তমান রক্ষণশীল সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শীতের মৌসুমে যাঁরা বিদ্যুৎ বিল দিতে পারছেন না, তাঁদের সংযোগ যেন কোনো বিদ্যুৎ কোম্পানি না কাটে, এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
২০১৫ সালে স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১০ দশমিক ৬ শতাংশ জনগণ তাঁদের ঘর ঠিকমতো গরম করতে পারে না। অর্থাৎ, ৪০ লাখ মানুষের বিদ্যুৎ-সমস্যা আছে। ২০০৮ সালে এ সমস্যা ছিল মাত্র ৫ দশমিক ৯ শতাংশের। ২০০৮ সালের পর থেকে স্পেনে অর্থনৈতিক মন্দা শুরু হয়। এ সময় অনেকের চাকরি চলে যায়। ২০০৬ সালের পর থেকে দেশটিতে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ বেড়েছে।
স্পেনের পেড্রো মার্টিনেজ (৪৮) নামের এক ব্যক্তি কয়েক বছর ধরে এ সমস্যায় ভুগছেন। ২০১৩ সাল থেকে তিনি বেকার। এক আসবাবের কারখানায় কাজ করতেন তিনি। এরপর থেকে মাসিক ৪২৬ ইউরো পেনশন দিয়ে চলছে তাঁর সংসার। ২০ বছর বয়সী ছেলে আর ২৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মেয়ে আছে সংসারে। বার্সেলোনার অদূরে বাসা তাঁর। সেখানে ঘর গরম করা তো দূরে থাক, খুব দরকার ছাড়া বাতিও জ্বালান না তিনি।
পেড্রো বলেন, ‘শীতকালটা খুব কষ্টে পার করি। আমাদের একটি ইলেকট্রিক হিটার আছে, কিন্তু বিলের ভয়ে তা কখনো চালু করা হয় না। ঠান্ডা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। কোট পরে কোনো রকম দিন পার করি আর রাতে যত কম্বল আছে চাপিয়ে নিই।’
দাতব্য প্রতিষ্ঠান ক্যারিটাসের মুখপাত্র তেরে বারমুডেজ বলেন, এখানে অনেক পরিবারের কাছে পানি, বিদ্যুৎ আর গ্যাস বিলাসিতা ছাড়া কিছু নয়।
এই দাতব্য প্রতিষ্ঠান থেকে সাহায্যপ্রাপ্ত মোহাম্মদ চায়েরি বলেন, ‘আমরা সপ্তাহে শুক্রবারে মাত্র একবার গোসল করি। বাচ্চারা যাতে সপ্তাহান্তে একবার পরিচ্ছন্ন হতে পারে।’
বার্সেলোনার কাছে বাদালোনা এলাকায় যে ছোট ফ্ল্যাটে তিন সন্তানসহ চায়েরি বাস করেন, তার ভাড়া ৪৪০ ইউরো। মাসে বিদ্যুৎ বিল এসেছে ২৪ ইউরো, যার তাঁর কাছে অনেক বেশি।
চায়েরি বলেন, ‘আমার কাছে ক্ষুধা বা আলো না থাকার বিষয়টি তেমন কিছু না হলেও বাচ্চাদের কাছে...।’
ইউরোপীয় কমিশনের মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গত বছর স্পেনের গ্যাসের মূল্যের অবস্থান ছিল তৃতীয় আর বিদ্যুৎ ছিল চতুর্থ।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র হোসে লুইস লোপেজ বলেন, অনেক উন্নত আবহাওয়া সত্ত্বেও ইউরোপিয়ান গড়ের চেয়ে স্পেনে খরচ বেশি।
এ বিষয়ে স্পেনে কোনো আইন নেই। তবে কিছু অঞ্চলে এ সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণাঞ্চলে, বিদ্যুৎ ও গ্যাস কোম্পানিকে সংযোগ বিচ্ছিন্ন করার আগে অবশ্যই নোটিশ দিতে হবে। যেসব পরিবারে সংযোগ বিচ্ছিন্ন করলে তা মারাত্মক রূপ নেবে, সেখানে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু এ নিয়ম ঠিকভাবে মানা হয় না।
লোপেজের ধারণা, জ্বালানি দারিদ্র্যের শিকার হয়ে প্রতিবছর স্পেনে গড়ে ৭ হাজার ১০০ লোক মারা যায়।
দেশটির অগ্নিনির্বাপক সংস্থাও এ-সংক্রান্ত নিরাপত্তা-ঝুঁকির বিষয়টি উল্লেখ করেছে। অগ্নিনির্বাপক সংস্থার মুখপাত্র অ্যান্টোনিও ডেল রিও বলেন, ‘ঘর গরম করার মতো বিদ্যুৎ না পেয়ে মানুষ কাগজ ও জুতা জ্বালিয়ে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করে।’
এ সমস্যা থেকে স্পেন উত্তরণের যতই চেষ্টা চালাক বিপরীত বিষয়টিও দেখা যায়। গত বছরেই ৬ লাখ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সমস্যা সমাধান নিয়ে যতই আলোচনা চলুক বাস্তবে এর ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগী মার্টিনেজ। তথ্যসূত্র: এএফপি।