স্পেনে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় গুঁতা খেয়ে একজনের মৃত্যু
স্পেনে ষাঁড়ের দৌড় জনপ্রিয় একটি উৎসব। প্রতিবছর এই উৎসব ঘিরে দেশি–বিদেশি হাজারো পর্যটক জড়ো হন স্পেনে। বিপজ্জনক এই দৌড়ে অনেক সময় ঘটে নানা দুর্ঘটনা। সম্প্রতি পূর্ব স্পেনে এমন একটি আয়োজনে ষাঁড়ের আক্রমণে নিহত হয়েছেন একজন। কোভিড–১৯–সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার পর দেশটিতে ষাঁড়ের দৌড়ে হতাহতের ঘটনা এটিই প্রথম।
ঘটনাটি স্পেনের ওনডা শহরে। স্থানীয় সময় গতকাল শনিবার শহর কর্তৃপক্ষ জানায়, ষাঁড়ের আক্রমণে নিহত ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। এই প্রতিযোগিতায় ষাঁড়ের সামনে থেকে কিছু লোক দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। নিহত ব্যক্তি তাঁদের একজন ছিলেন। তিনি ষাঁড়ের গুঁতা খাওয়ার পর অন্যান্য অংশগ্রহণকারী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সফল হননি।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনার পর শনিবার ষাঁড়ের দৌড়ের বাকি আয়োজন স্থগিত করে শহর কর্তৃপক্ষ।
বিপজ্জনক ষাঁড়ের দৌড় নিয়ে নানা আলোচনা–সমালোচনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় এই উৎসব বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে।
জরিপকারী প্রতিষ্ঠান ইলেক্টোম্যানিয়া এ বিষয়ে গত বছর একটি জরিপ চালিয়েছে। তাতে বলা হয়েছে, ৪৬ দশমিক ৭ শতাংশ স্পেনবাসী ষাঁড়ের দৌড় কিংবা লড়াই বন্ধ করে দেওয়ার পক্ষে। ৩৪ দশমিক ৭ শতাংশ আইন করে নিষেধাজ্ঞার পক্ষে নন। আর স্পেনের ১৮ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করে, ঐতিহ্যবাহী এই উৎসব চালু রাখা দরকার।