স্পেনের কাতালোনিয়ায় 'ঐতিহাসিক' নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের স্বাধীনতাকামী অঞ্চল স্বায়ত্তশাসিত কাতালোনিয়ায় গতকাল রোববার আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জাতীয়তাবাদী দলগুলোর আশা, এ নির্বাচনের মধ্য দিয়ে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পথ সুগম হবে। খবর এএফপির।
জনমত জরিপে এবারের নির্বাচনে কাতালান বিচ্ছিন্নতাবাদীদের জয়ের আভাস মিলছে। তাই সব মিলিয়ে এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে গণ্য হচ্ছে। মধ্য বামপন্থী জাতীয় সংবাদপত্র এল পাইস গতকালের নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে।
স্পেনের সরকার কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে। কাতালোনিয়ার অবস্থান স্পেনের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলে। তাই এটি হারাতে নারাজ মাদ্রিদ।
বিশ্লেষকেরা বলছেন, গতকালের নির্বাচনের ফলাফল স্পেনের কাছ থেকে কাতালানদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পক্ষে একটি পরোক্ষ রায় হিসেবে কাজ করতে পারে। বিচ্ছিন্নতাবাদী দুই দল একজোট হয়ে আঞ্চলিক পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে (১৩৫টির মধ্যে ৬৮টি) জয়ী হতে পারে। আর তাহলে তারা দেড় বছরের মধ্যে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করার সুযোগ পাবে। অবশ্য কেন্দ্রীয় সরকার আইনি লড়াইয়ের মাধ্যমে ওই উদ্যোগে বাধা দিতে পারে।
কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ। জনমত জরিপের ফলাফল অনুযায়ী, সেখানকার বেশির ভাগ মানুষ স্বাধীনতা প্রশ্নে গণভোট চান।
কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় গতকাল ভোট দেওয়ার পর ওই অঞ্চলের প্রেসিডেন্ট আর্তুর মাস এ নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য বড় জয়’ আখ্যা দিয়ে বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনেক বাধা আমরা পেরিয়ে এসেছি। কিন্তু অবশেষে ভোট হচ্ছে এবং কাতালোনিয়ার ভবিষ্যৎ নির্ধারণের জন্য, রাজনৈতিকভাবে বলছি, গণভোট হবে।’
আর্তুর মাসের নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে ২০১৭ সালের মধ্যে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করবে বলে অঙ্গীকার করেছে। তবে আর্তুর মাস চান, কানাডার কুইবেক এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মতো কাতালোনিয়ায়ও স্বাধীনতা প্রশ্নে গণভোট হোক। কুইবেক ও স্কটল্যান্ডের অধিবাসীরা অবশ্য পৃথক রাষ্ট্র গঠন না করার পক্ষেই ভোট দিয়েছেন।
নির্বাচনের প্রাক্কালে স্পেনের মধ্য ডানপন্থী প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর যুক্তি, কাতালোনিয়াকে হারালে স্পেনের সব অংশের ওপরই প্রভাব পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিশ্বনেতাদেরও অনেকে স্পেনকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন।