স্বাধীনতাপন্থীরাই কাতালোনিয়ার নির্বাচনে বিজয়ী
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্থানীয় নির্বাচনে বিচ্ছিন্নতার পক্ষের রাজনৈতিক দলগুলোই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে। জাতীয়তাবাদী কাতালান নেতারা দাবি করছেন, এই ফলাফল স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার পক্ষেই গণরায়। খবর বিবিসির।
মাদ্রিদের কেন্দ্রীয় সরকার আগের মতোই কাতালোনিয়ার পৃথক হয়ে যাওয়ার দাবির বিরোধিতা করে বলেছে, জাতীয়তাবাদীরা রোববার অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও অধিকাংশ জনগণের ভোট পায়নি।
নির্বাচনে মোট ৪০ লাখ ভোট পড়েছে। এর মধ্যে জাতীয়তাবাদী দলগুলো সম্মিলিতভাবে ১৯ লাখ ভোট পেয়েছে। ভোটার উপস্থিতি ছিল ৭৮ শতাংশ। স্পেনের ক্ষমতাসীন দল মধ্য-ডানপন্থী পপুলার পার্টির (পিপি) একজন মুখপাত্র বলেন, বিচ্ছিন্নতা পন্থীরা ‘ব্যর্থ’ হয়েছে। কারণ, তারা সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পায়নি।
বিচ্ছিন্নতাপন্থী দলগুলোর প্রধান জোট এবং সমমনা একটি ছোট দল মিলে আঞ্চলিক পার্লামেন্টের মোট ১৩২ আসনের ৭২টিতে জয়ী হয়েছে। তবে পার্লামেন্টে আসনের প্রাধান্য পেলেও বিচ্ছিন্নতাপন্থীরা পেয়েছে মোট ভোটের ৪৭ দশমিক ৮ শতাংশ। বিচ্ছিন্নতাপন্থীরা কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় রোববার রাতে নেচে-গেয়ে নির্বাচনী জয় উদ্যাপন করে।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ। স্পেনের মোট জিডিপির প্রায় পাঁচ ভাগের এক ভাগই আসে কাতালোনিয়া থেকে। সেখানকার প্রেসিডেন্ট আর্তুর মাস নির্বাচনের ফলাফল প্রকাশের পর উল্লসিত সমর্থকদের উদ্দেশে বলেন, কাতালানরা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। এগিয়ে যাওয়ার জন্য আঞ্চলিক পার্লামেন্টে তাঁদের স্পষ্ট ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
আর্তুর মাসের নেতৃত্বাধীন জোট দেড় বছরের মধ্যে স্বাধীন কাতালান রাষ্ট্র গঠনের লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার করেছে।
স্বাধীনতাপন্থী কাতালানরা মনে করেন, তাঁদের অঞ্চল একটি অন্যায্য চুক্তির কারণে মাদ্রিদকে অনেক বেশি কর দিচ্ছে। বিনিময়ে কাতালোনিয়ায় পর্যাপ্ত রাষ্ট্রীয় বিনিয়োগ হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, পৃথক হয়ে যাওয়া নিয়ে কাতালানরা অনেক কথাবার্তা বললেও বিষয়টি বিতর্কিত ও জটিল হবে। প্রথমে তাদের আইনিভাবে স্বীকৃত একটি গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে। আর সে জন্য তারা স্পেনের সরকারের ওপর চাপ বাড়াতে থাকবে। কিন্তু স্পেনের সংবিধান অনুযায়ী কোনো অঞ্চলের পক্ষে আলাদা হয়ে যাওয়ার সুযোগ নেই।
রয়টার্স জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং স্পেনের আইনের প্রতি সম্মান দেখাতে কাতালানদের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির সরকারের মুখপাত্র স্টেফেন জাইবার্ট গতকাল সোমবার বলেন, ‘এই মুহূর্তে যা কিছু ঘটছে, সেসব বিষয়ে ইইউর বিভিন্ন চুক্তি এবং স্পেনের সংবিধানের শর্তগুলো মেনে চলাটা গুরুত্বপূর্ণ।’