স্বাধীনতার জন্য এবার গণভোট করবে কাতালানরা
স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ গড়তে গণভোটের আয়োজন করতে যাচ্ছে দেশটির কাতালানিয়া অঞ্চলের মানুষ। আগামী ৯ নভেম্বর এ গণভোটের তারিখ ধার্য করে গতকাল শনিবার ডিক্রি জারি করেছেন কাতালানিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট আর্তুর মাস।
গতকাল শনিবার রয়টার্সের এক খবরে জানানো হয়, এ গণভোটকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালানিয়া অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। এর স্বাত্যন্ত্র ভাষা, সংস্কৃতি ও শাসনব্যবস্থা রয়েছে। স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে এ অঞ্চলের লোকজন। সাম্প্রতিক জরিপ বলছে, অধিকাংশ কাতালান স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের পক্ষে। স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে গণভোটের ফলাফল তাঁদের আরও উৎসাহী করেছে।
কাতালানিয়ার প্রেসিডেন্টের ডিক্রি জারির পর স্পেনের উপপ্রধানমন্ত্রী সোরাজা সাইনজ দে সান্তামারিয়া বলেন, বিচ্ছিন্ন হতে যেকোনো ভোটের আয়োজন স্পেনের ১৯৭৮ সালের সংবিধানকে লঙ্ঘন করবে। স্পেনের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতেই এ ঘোষণা দেওয়া হয়েছে।
কাতালানিয়ার গণভোট ঠেকাতে আগামীকাল সোমবার দেশটির সাংবিধানিক আদালতে আপিল করবে স্পেনের মন্ত্রিসভা। গণভোট বৈধ কি না—এ বিষয়ে সাংবিধানিক আদালতের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। আর সাংবিধানিক আদালতের চূড়ান্ত রায় আসতে কয়েক বছর লেগে যেতে পারে।