স্বাধীনতার দাবিতে এগোনোর পক্ষে কাতালানদের রায়
স্পেনের কাতালান অঞ্চলের স্বাধীনতার প্রশ্নে প্রতীকী গণভোটে ৮০ শতাংশের বেশি হ্যাঁ ভোট পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। তবে স্পেনের সরকারের পক্ষ থেকে এই ভোটকে ‘নিষ্ফল ও অর্থহীন’ বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
স্পেনের সরকারের হুমকি ও প্রবল বিরোধিতা উপেক্ষা করেই দেশটির উত্তর-পূর্বের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালানে গত রোববার এই প্রতীকী গণভোট অনুষ্ঠিত হয়। এতে অন্তত ২০ লাখ কাতালোনীয় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্পেনের শিল্পসমৃদ্ধ এই অঞ্চলের মোট অধিবাসী প্রায় ৭৫ লাখ। তাঁদের মধ্যে ভোটারের সংখ্যা ৫৪ লাখ। আঞ্চলিক সরকার এই ভোটাভুটিকে স্বাধীনতার প্রশ্নে গণভোট বলে বিবেচনা করবে না বলে জানিয়েছে। তবে স্বাধীনতার দাবিতে আরও এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কাতালান সরকার।
প্রতীকী এই গণভোটের ইতিবাচক ফলাফলকে ‘বিরাট সাফল্য’ বলে মন্তব্য করে কাতালানের প্রেসিডেন্ট আর্তুর মাস বলেছেন, ‘এর মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিক গণভোটের অধিকারের দ্বার উন্মোচন করেছি। আবারও প্রমাণিত হলো কাতালোনীয়রা এই ভূমির স্বাধীনতা চান। তাঁরা কাতালানের শাসনভার স্পেনের ওপর ন্যস্ত থাকা নয়, বরং নিজেদের কাঁধে তুলে নিতে চান।’
প্রেসিডেন্ট আর্তুর মাস আরও বলেন, ‘আমি বিশ্ববাসীর কাছে, গণমাধ্যমের কাছে এবং সারা বিশ্বের গণতান্ত্রিক সরকারগুলোর কাছে কাতালানের জনগণের রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
কাতালানের ভাইস প্রেসিডেন্ট জোয়ানা ওর্তেগা বলেন, রোববার ২০ লাখের বেশি কাতালোনীয় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাঁদের ৮০ দশমিক ৭২ শতাংশই কাতালানের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। ৪০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী এই গণভোটে নানাভাবে সহযোগিতা দিয়েছেন।
তবে রোববারের ওই গণভোটকে স্পেনের সরকারের পক্ষ থেকে নিষ্ফল ও অর্থহীন বলে মন্তব্য করা হয়েছে। দেশটির বিচারবিষয়ক মন্ত্রী রাফায়েল কাতালা এক বিবৃতিতে বলেছেন, সরকার মনে করে, এটি স্বাধীনতাপন্থীদের রাজনৈতিক প্রচারণার দিন। এই ভোটের গণতান্ত্রিক কোনো বৈধতাই নেই।