স্বাধীনতার প্রশ্নে আবার গণভোট চাইবে স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে আবার গণভোটের দাবি তুললেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। গতকাল সোমবার তিনি জানিয়েছেন, ব্রিটিশ সরকারের কাছে এই দাবি জানানোর জন্য তিনি স্কটিশ পার্লামেন্টের অনুমতি চাইবেন।
স্টারজন জানিয়েছেন, ২০১৮ সালের শরৎ ও বসন্তের মধ্যে গণভোটটি হতে পারে। স্টারজন তাঁর এডিনবার্গের সরকারি বাসভবনে আলাপকালে বলেন, ভয়ংকর ব্রেক্সিট এবং দেশের স্বাধীনতা—এ দুয়ের মধ্যে স্কটল্যান্ডের জনগণকে অবশ্যই পছন্দ করার সুযোগ দিতে হবে। স্কটিশদের স্বার্থ সুরক্ষার জন্য গণভোটের প্রয়োজন আছে। ওয়েস্টমিনস্টার যাতে গণভোটের ব্যবস্থা করে, সে জন্য অনুরোধ করতে তিনি স্কটিশ পার্লামেন্টে মঙ্গলবার বিষয়টি তুলবেন।
এদিকে স্কটিশ সরকার একটি প্রস্তাব প্রকাশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, যদি যুক্তরাজ্য ও তার অন্যান্য অংশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে (ব্রেক্সিট), তাহলে স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে একক বাজার সুবিধা বজায় রাখবে।
নিকোলা স্টারজন আবার গণভোটের দাবি তোলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, এই সিদ্ধান্ত স্কটল্যান্ডকে আরও অনিশ্চয়তা ও বিভক্তির দিকে ঠেলে দেবে। তথ্য-প্রমাণ এটাই বলেছে, স্কটিশ জনগণ দ্বিতীয়বার ভোট চায় না।
স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর। তখন স্বাধীনতার পক্ষে ভোট পড়ে ৪৪ দশমিক ৭ শতাংশ, আর বিপক্ষে ৫৫ দশমিক ৩ শতাংশ। তবে সম্প্রতি ব্রেক্সিট নিয়ে স্কটল্যান্ডে ক্ষোভ বেড়েছে। কেননা, দেশের অন্যান্য অংশ ব্রেক্সিটের পক্ষে রায় দিলেও স্কটিশদের বড় অংশ এর বিপক্ষে রায় দেয়। ব্রেক্সিটের গণভোটের পরপরই স্কটিশরা বলেছিল, ইইউ না ছেড়ে তারা বরং যুক্তরাজ্য ছেড়ে বেরিয়ে যাবে।