তুরস্ক–নেদারল্যান্ডস বাগ্যুদ্ধ অব্যাহত
স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে নিন্দা এরদোয়ানের

দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে এবার বসনিয়ার স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের জন্য নেদারল্যান্ডসকে দায়ী করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নেদারল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
১৯৯৫ সালে বলকান যুদ্ধের সময় বসনিয়ার স্রেব্রেনিৎসা গ্রামের আট হাজার মুসলিমকে পরিকল্পিতভাবে হত্যা করে সার্ব জাতীয়তাবাদীরা। সেই সময় ওই এলাকায় মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন নেদারল্যান্ডসের সেনারা। মুসলিম গ্রামবাসীর নিরাপত্তায় ১১০ জন ডাচ সেনা হালকা অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
এরদোয়ান মঙ্গলবার এক টিভি ভাষণে বলেন, ‘স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞ থেকেই ডাচদের পরিচয় পেয়েছি আমরা।...ওই ব্যর্থতাই দেখিয়েছে, নৈতিকতা ভেঙে পড়েছে ডাচদের।’
স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের জন্য জাতিসংঘের ট্রাইব্যুনালে সার্বদের বিচার চলছে। কিন্তু ঘটনাটি নেদারল্যান্ডসের জন্য কাঁচা ক্ষতের মতো হয়ে আছে। সেই ক্ষতেই খোঁচা দিয়েছেন এরদোয়ান। ওই গণহত্যার দায় স্বীকার করে ২০০২ সালে নেদারল্যান্ডসের সরকার পদত্যাগ করে। স্রেব্রেনিৎসার ঘটনা টেনে এনে তুরস্ক ইঙ্গিত দিচ্ছে, চলমান বিরোধের বিষয়ে তারা সহজে ছাড় দেবে না।
এর আগে নেদারল্যান্ডসকে ‘নাৎসি’ আচরণের জন্য অভিযুক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রবাসী তুর্কিদের মধ্যে তুরস্কে এপ্রিলে অনুষ্ঠেয় গণভোটের প্রচারণা নিয়ে জার্মানি, নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে দেশটির বিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তাসহ বিভিন্ন কারণ দেখিয়ে দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষ তুর্কি মন্ত্রীদের সভার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর মধ্যেই কয়েকটি সভা হয়েছে ও অন্য কয়েকটি বাতিল হয়ে যায়। গত শনিবার তুরস্কের এক মন্ত্রীকে সমাবেশ করতে বাধা দিয়ে জার্মানির সীমান্ত দিয়ে বের করে দেওয়া হলে উত্তেজনা চরমে ওঠে।
গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব থাকবে। এ জন্য তিনি ইউরোপ প্রবাসী লাখ লাখ তুর্কির সমর্থন আদায়ের চেষ্টা করতে চান। জার্মানিতে ১৪ লাখ এবং নেদারল্যান্ডসে ৪ লাখ তুর্কি নাগরিক বসবাস করে।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী নোমান কুরতুলমাস ইঙ্গিত দিয়েছেন, নেদারল্যান্ডসের ওপর তাঁরা অর্থনৈতিক অবরোধও আরোপ করতে পারেন।
এদিকে এরদোয়ানের মন্তব্যকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। তিনি বলেছেন, ‘এরদোয়ান প্রতি ঘণ্টায় ক্রমাগত উন্মত্ত আচরণ করছেন। তিনি যেন শান্ত হোন।’
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, নেদারল্যান্ডসকে ফ্যাসিবাদী বলে তুরস্ক যে মন্তব্য করেছে, তা বাস্তবতা বিবর্জিত।