স্লোভেনিয়ার সীমান্তে সেনা মোতায়েনের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লোভেনিয়া সীমান্তে শরণার্থীর চাপ সামলাতে পুলিশকে সহায়তা দিতে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। গতকাল বুধবার পার্লামেন্ট এই অনুমোদন দেয়। খবর রয়টার্সের।
মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমানো শরণার্থীদের প্রাথমিক গন্তব্য ছিল হাঙ্গেরি। কিন্তু গত শুক্রবার রাত থেকে হাঙ্গেরি দক্ষিণে ক্রোয়েশিয়ার সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দেয়। এ কারণে হাজার হাজার শরণার্থী পশ্চিমে স্লোভেনিয়ার দিকে যেতে বাধ্য হচ্ছে। এতে শরণার্থীর ঢল সামলাতে চাপে পড়েছে স্লোভেনিয়া।
পার্লামেন্টের অনুমোদনের ফলে স্লোভেনিয়ার সেনাবাহিনীকে এখন পুলিশের সঙ্গে ছাড়াও পৃথকভাবে মোতায়েন করা যাবে। গত সোমবার থেকেই সীমান্তে পুলিশকে সহায়তা দিয়ে আসছিল সেনাবাহিনী। দেশের বিরোধী দলগুলো বলছে, হাঙ্গেরির নীতি অনুসরণ করে স্লোভেনিয়ারও উচিত শরণার্থী ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়া।
সম্মেলনের আহ্বান: বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ ক্লদ জাংকার আগামী রোববার ব্রাসেলসে ‘ছোট আকারের একটি শীর্ষ সম্মেলনের’ ডাক দিয়েছেন। পশ্চিম বলকান অঞ্চলের পথে থাকা শরণার্থীদের সংকট নিয়ে ওই সম্মেলনে আলোচনা হবে। জাংকার গতকাল এক বিবৃতিতে জানান, ব্রাসেলসের সম্মেলনে অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভেনিয়া, মেসিডোনিয়া ও সার্বিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন।
সামরিক বিমানে ফেরত পাঠাবে জার্মানি: রয়টার্স জানায়, আশ্রয়ের জন্য জার্মানির সরকারের কাছে আবেদন করে প্রত্যাখ্যাত ব্যক্তিদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠাবে দেশটি। এ জন্য তারা সামরিক বিমান ব্যবহার করতে পারে। প্রত্যাখ্যাত ব্যক্তিদের ফেরত পাঠানোর গতি বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জার্মান ট্যাবলয়েড বিল্ড্ট।