স্লোভেনিয়ায় সেনাবাহিনী প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরি দেশটির দক্ষিণে ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ায় সেখানে সমবেত হাজারো শরণার্থী পশ্চিমে স্লোভেনিয়ার দিকে যেতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গতকাল রোববার বলেছে, প্রায় চার হাজার শরণার্থী ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র স্লোভেনিয়ায় প্রবেশ করেছে। শরণার্থী স্রোত নিয়ন্ত্রণের কাজে পুলিশকে সহায়তার জন্য দেশটির সরকার সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে। খবর রয়টার্স ও এএফপির।
শরণার্থীদের জন্য অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত যত দিন খোলা থাকবে, তত দিন তাদের প্রবেশে বাধা দেবে না বলে ঘোষণা দিয়েছে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া। স্লোভেনিয়া বলেছে, তারা শরণার্থীদের প্রবেশ প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ জনের মধ্যে সীমিত রাখবে।
সার বেঁধে একের পর এক শরণার্থীবাহী বাস স্লোভেনিয়ামুখী চলেছে। সার্বিয়া থেকে ক্রোয়েশিয়ায় যাবে বাসগুলো। সেখান থেকে স্লোভেনিয়া হয়ে অস্ট্রিয়া ও জার্মানিতে। খারাপ আবহাওয়ার কারণে বাসগুলোর গতি ধীর।
সিরিয়ার রাজধানী দামেস্কের সাবেক বিক্রয় ব্যবস্থাপক খায়ের গতকাল বলেন, দীর্ঘ যাত্রার এই অংশে ২০ ঘণ্টার মতো কেটে গেছে। তার মধ্যে একই জায়গায় আছেন প্রায় ১২ ঘণ্টা।
ইইউ ১ লাখ ২০ হাজার শরণার্থীকে বিভিন্ন দেশে ভাগ করে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করলেও হাঙ্গেরিসহ কয়েকটি দেশ তার বিরোধিতা করেছে। ইউরোপের উপকূলে এ বছর এ পর্যন্ত প্রবেশকারী মোট শরণার্থী ও অভিবাসীর সংখ্যা প্রায় সাত লাখ।
যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচার জন্য মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে দলে দলে মানুষ ইউরোপমুখী হচ্ছে। ফলে সেখানে শরণার্থীদের নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে ইইউর দেশগুলোর মধ্যে তীব্র মতভেদ আছে।
তুরস্কে মেরকেল: জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শরণার্থী সংকট নিরসনের লক্ষ্যে আলোচনার জন্য গতকাল এক দিনের সফরে তুরস্কে যান। ওই সংকট মোকাবিলায় এ পর্যন্ত ইইউ যে ভূমিকা পালন করেছে, তা নিয়ে তুরস্ক সম্প্রতি হতাশা প্রকাশ করেছে। মেরকেল গতকাল ইস্তাম্বুলে তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুর সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে চ্যান্সেলরের। শরণার্থীদের প্রবেশ বন্ধ করতে তুরস্কের সহায়তার বিনিময়ে দেশটিকে ৩৪ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা এবং তুর্কি নাগরিকদের জন্য ইইউর দেশগুলোর ভিসা সহজ করার প্রস্তাব দিয়েছে ইইউ।
আরও পাঁচ শরণার্থীর মৃত্যু: তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে ইজিয়ান সাগরে ডুবে একটি শিশু, দুই কিশোরসহ পাঁচ শরণার্থীর মৃত্যু হয়েছে। গ্রিসের কোস্টগার্ড গতকাল এ কথা জানিয়েছে।
যাজকদের আহ্বান: যুক্তরাজ্যের চার্চ অব ইংল্যান্ডের ৮৪ জন বিশপ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বরাবর একটি লিখিত প্রস্তাবে দেশটিতে আরও বেশি সিরীয় শরণার্থীকে জায়গা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা ২০২০ সালের মধ্যে অন্তত ৫০ হাজার শরণার্থীকে যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তাব করেছেন। ব্রিটিশ সরকার ইউরোপের অন্যান্য দেশের চাপে আগামী পাঁচ বছরে ২০ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে।