হঠাৎ করেই পাল্টে যান বুলেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলাকারী হঠাৎ করেই পাল্টে যান। এক সময় যিনি মদ পান করতেন, শরীরচর্চা ও নাচের মতো কাজে জড়িত ছিলেন, সামান্য সময়ের ব্যবধানে তিনিই হয়ে ওঠেন অসংখ্য মানুষের হত্যাকারী। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানান তাঁর বাবা ও এক প্রতিবেশী।

নিস শহরের ছোট একটি জিমের প্রশিক্ষক জানিয়েছেন, দুই বছর আগ পর্যন্ত মোহাম্মদ লাউইজ বুলেল সেখানে নিয়মিত শরীরচর্চা করতেন। সে সময় সেখানে একবার সালসা নাচের ক্লাসও করেন। তখন তিনি একটি প্রেমের সম্পর্কের ভান করেছিলেন বলে জানান পৃষ্ঠপোষকেরা।

বুলেল ও তাঁর স্ত্রীর যেখানে থাকতেন সেখানকার একজন প্রতিবেশী জানান, তাঁদের বিচ্ছেদ হওয়ার আগে তাঁকে প্রায়ই মদ পান করতে দেখা যেত। ওই পাড়ার একটি অ্যাপার্টমেন্টের তত্ত্বাবধায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি কখনোই তাঁকে মসজিদে যেতে দেখিনি।’ যারা নিয়মিত ওই স্থানীয় প্রার্থনা কেন্দ্রে যান তাঁদের বক্তব্যেও এই তথ্যের প্রমাণ মেলে।

কিন্তু স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদের পরে সাম্প্রতিক সময়ে তিনি মদ না খাওয়ার শপথ নেন বলে ভবনের এক বাসিন্দা দাবি করেন। ইউরো চ্যাম্পিয়নশিপের সময় ওই বাসিন্দা তাঁকে এক গ্লাস মদ খাওয়ার জন্য বললে তা প্রত্যাখ্যান করে বুলেল বলেন, ‘আমি আর মদ পান করি না।’

সন্ত্রাস-বিরোধী সরকারি কৌশলী ফ্রাঁসোয়া মলিনস বলেন, যদিও বুলেলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কখনো কোনো তদন্ত করেনি, তবে তিনি পুলিশের কাছে পরিচিত ছিলেন। মলিনস বলেন, ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে তাঁর বিরুদ্ধে হুমকি, সহিংসতা, চুরি ও ফৌজদারি মামলা হয়েছে। কিন্তু তাঁর ভেতরে কখনোই মৌলবাদের লক্ষণ দেখা যায়নি। গত মার্চে একটি গাড়ি দুর্ঘটনার পর ট্রাকচালক বুলেলের ছয় মাসের কারাদণ্ড হয়।

তবে বুলেলের সাবেক এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দুর্ধর্ষ হয়ে ওঠেন। তিনি যেখানে সেখানে মল ত্যাগ করতেন। এমনকি মেয়ের খেলনা ভালুককে কেটে ফেলতেন। তিনি বলেন, ‘আমি মনে করি না এটি মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত। আমার মনে হয় তাঁর মানসিক সমস্যা ছিল।’ তাঁর পিতার দাবি, তাঁর ছেলে বিষণ্নতায় ভুগছিলেন।
মোহাম্মদ বুলেলের প্রতিবেশী ও পরিবারের মতে, তিনি ছোটখাট অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে তেমন কোনো ফৌজদারি অপরাধ সংগঠনের অভিযোগ ছিল না।

তিন সন্তানের জনক ৩১ বছর বয়সী এই তিউনিশিয়ার নাগরিক বাস্তিল দিবসের অনুষ্ঠান চলাকালে নিস শহরে ভিড়ের মধ্যে একটি ১৯ টনি ট্রাক চালিয়ে দিয়ে ৮৪ জনকে হত্যা করেন। পুলিশের কাছে তিনি ছোট মাপের অপরাধী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে তাঁর বিষয়ে সন্ত্রাসবাদের কোনো তথ্য ছিল না। তবে হামলার পর শনিবার আইএস তাঁকে তাঁদের একজন সৈনিক বলে দাবি করে।