হঠাৎ খবরে শেক্সপিয়ারের মৃত্যু
প্রখ্যাত ব্রিটিশ লেখক, কবি, নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছেন ১৬১৬ সালে। ৪০০ বছরের বেশি সময় পরে এসে তাঁর মৃত্যুসংবাদ প্রচার করে আলোচনায় এসেছে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল। তবে এ ঘটনা ঘটেছে ভুলবশত, নামবিভ্রাটে। নামের মিল থাকায় যুক্তরাজ্যের একজন ব্যক্তির মৃত্যুর খবর ভুল করে শেক্সপিয়ারের নামে প্রচার করেন ওই চ্যানেলের একজন সংবাদ পাঠিকা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
দ্য গার্ডিয়ান–এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ওয়ারউইকশায়ারে ৮১ বছর বয়সে মারা যাওয়া ওই ব্যক্তির নাম উইলিয়াম বিল শেক্সপিয়ার। তিনি ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা নেওয়া বিশ্বের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। এ কারণে তাঁর মৃত্যুর খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার ও প্রকাশ করেছে। যদিও টিকা নেওয়ার পাঁচ মাস পরে তাঁর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় কবির নামের সঙ্গে মিল থাকায় তাঁর মৃত্যু ঘিরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বাড়তি মনোযোগ ছিল।
তবে এ খবর প্রচার করতে গিয়ে গুলিয়ে ফেলেন আর্জেন্টিনার চ্যানেল ২৬–এর সংবাদ উপস্থাপক নোয়েলিয়া নোভিল্লো। রাতের খবরে তিনি লেখক, কবি, নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর কথা প্রচার করেন। এমনকি যখন পর্দায় উইলিয়াম বিল শেক্সপিয়ারের ভিডিও ফুটেজ প্রচার করা হচ্ছিল, তখনো তিনি নিজের ভুল বুঝতে পারেননি। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, শেক্সপিয়ার ইংরেজি ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ লেখক। তিনি করোনার টিকা নেওয়া দ্বিতীয় ব্যক্তি ছিলেন। ৮১ বছর বয়সে যুক্তরাজ্যে তাঁর মৃত্যু হয়েছে।’
যেখানে ৪০০ বছরের বেশি সময় আগে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেখানে কয়েক শতাব্দী পরে এসে তাঁর মৃত্যুসংবাদ ও শেক্সপিয়ারকে করোনার টিকা নেওয়া ব্যক্তি হিসেবে উল্লেখ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছেন সংবাদ উপস্থাপক নোয়েলিয়া। তাঁর সংবাদ পাঠের ওই ভিডিও অনেকেই শেয়ার দিয়েছেন। ভাইরাল হয়েছে ওই ভিডিও। টুইটারে ভিডিও শেয়ারের পরে একজন মজা করে লিখেছেন, ‘এটা অভাবনীয়, আমি বারবার এটা ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না।’