ফ্রান্সে শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যাকারী আবদুলাখের সিরিয়ায় থাকা রুশভাষী এক জিহাদির সঙ্গে যোগাযোগ ছিল। এই ঘটনার তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়। তবে এই জিহাদির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে সাতজন অভিযুক্ত হয়েছে। এদের মধ্যে দুই কিশোরও রয়েছে, যারা ওই শিক্ষককে চিনিয়ে দিয়েছে।
লা পারিসিয়েন পত্রিকার খবরে বলা হয়, আবদুলাখের কম্পিউটারের আইপি ঠিকানা ধরে দেখা গেছে, সিরিয়ার ইদলিব শহরে তাঁর যোগাযোগ ছিল।
গত শুক্রবার প্যারিসের শহরতলি এলাকায় স্যামুয়েল পাতি নামের এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। হামলাকারী আবদুলাখ আনজোরোভ পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন। হামলাকারী চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ওই শিক্ষক ইতিহাস ও ভূগোল পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, কার্টুন দেখানোর আগে ওই শিক্ষক ক্লাসে বলেছিলেন, ক্লাসে থাকা মুসলিম শিক্ষার্থীদের যদি খারাপ লাগে, তবে তারা বেরিয়ে যেতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই হামলার ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের পর মাখোঁ বলেন, ‘তারা জিততে পারবে না...আমরা পদক্ষেপ নেব।’ গতকাল বুধবার স্যামুয়েল পাতির কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মাখোঁ। তিনি তাঁকে ‘নায়ক’ বলে সম্বোধন করেন।
মাখোঁ বলেন, তাঁকে (শিক্ষক) হত্যা করা হয়েছে। কারণ, উগ্রবাদীরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চায়। তারা জানে নিজেদের মধ্যে তারা কখনো এমন নায়ক পাবে না।
অ্যান্টিটেররিজম প্রসিকিউটর জিন-ফ্রান ওইস রিকার্ড গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, আবদুলাখ ওই শিক্ষককে চিনিয়ে দিতে ওই দুই কিশোরকে ৩০০ পাউন্ড দিয়েছিলেন। তিনি এই দুই কিশোরকে বলেছিলেন, তিনি চান মহানবী (সা.)-এর কার্টুন প্রদর্শনের জন্য ওই শিক্ষক ক্ষমা চাইবেন এবং এটা তিনি ভিডিও করবেন।
এমন কার্টুন প্রকাশের পর ২০১৫ সালে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালানো হয়েছিল। সম্প্রতি এই হামলার ঘটনায় বিচার শুরু হয়েছে। তিন সপ্তাহ আগে শার্লি এবদোর সাবেক কার্যালয়ের বাইরে আরেকটি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় দুজন আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকেও ‘ইসলামি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছিল।