হাইতির সাবেক প্রেসিডেন্ট হত্যায় জড়িত সন্দেহে তুরস্কে ব্যবসায়ী গ্রেপ্তার
হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় গত সোমবার তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর থেকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সামির হানদাল। তিনি পেশায় ব্যবসায়ী। যুক্তরাষ্ট্র থেকে জর্ডান যাওয়ার পথে তুরস্কে যাত্রাবিরতির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে সামির যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাস করে আসছিলেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি কেন জর্ডান যাচ্ছিলেন, তা জানা যায়নি।
হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে চলতি বছরের জুলাইয়ে ক্রিশ্চিয়ান এমানুয়েল স্যানন নামে হাইতির এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে সামিরের সংশ্লিষ্টতার অভিযোগ আছে।
সামিরকে গ্রেপ্তারের ঘটনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন হাইতির পররাষ্ট্রমন্ত্রী ক্লদে জোসেফ। তবে সামিরের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আছে, তা খোলাসা করেননি তিনি।
তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, সামিরের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৭ জুলাই হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মইসি। গুরুতর আহত হন তাঁর স্ত্রী মার্টিন।
মইসি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অনেকেই কলম্বিয়া সেনাবাহিনীর সাবেক সদস্য। তাঁদের মধ্যে অনেকে জানিয়েছেন, হাইতিতে নিরাপত্তাসংক্রান্ত কাজের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল। প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনার বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি।