হাউস অব কমন্সেও সংখ্যাগরিষ্ঠতা পেল ব্রেক্সিট বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সরে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করতে সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যদের (এমপি) সম্মতি পেয়েছে ব্রেক্সিট বিল। গতকাল বুধবার হাউস অব কমন্সে ৬১৬ এমপির মধ্যে ৪৯৪ জনই খসড়া আইনটি পাস করার পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ, এই বিলে সায় দেননি ১২২ জন এমপি।

এবার এই বিলটি যাবে হাউস অব লর্ডসে। সেখানে আরও যাচাই-বাছাই করা হবে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গতকাল হাউস অব কমন্সে ভোটাভুটিতে বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার ‘বাণিজ্যমন্ত্রী’ ক্লাইভ লুইস পদত্যাগ করেন। তিনিসহ ৫২ জন এমপির এই বিলের বিপক্ষে ছিলেন।

লুইস আগেই জানিয়েছিলেন, বিলে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। গতকাল এমপিদের চূড়ান্ত ভোটাভুটির সময় তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, তিনি ভোট দিতে পারছেন না—এমন কিছুতে ভোট দিতে তাঁর বিবেকে বাধছে, যা শেষ পর্যন্ত দেশের জন্য ক্ষতি বয়ে আনবে।

আগামী মার্চের শেষ নাগাদ আনুষ্ঠানিক ব্রেক্সিট আলোচনা শুরু করবেন বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর থেরেসা মে। আইন হয়ে গেলেই প্রধানমন্ত্রী লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি প্রয়োগ করে ব্রেক্সিটের দর-কষাকষি শুরু করতে পারবেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে ব্রিটিশ পার্লামেন্টে সরকারের উপস্থাপিত বিল সংখ্যাগরিষ্ঠ এমপির সম্মতি পায়। বিরোধী দলে থাকা লেবার পার্টির সমর্থনে সরকারের ইউরোপীয় ইউনিয়ন বিল পায় ৪৯৮ জন এমপির ভোট এবং বিপক্ষে ভোট দেন ১১৪ জন এমপি। এসএনপি, প্লেইড সিমরু ও লিবারেল ডেমোক্র্যাটরা এই বিলের বিরোধিতা করেন। লেবার পার্টি এই বিলের সমর্থন দিলেও দলের ৪৭ জন এমপি বিপক্ষে ভোট দেন। এরপর এই বিল গতকাল অনুমোদনের জন্য হাউস অব কমন্সে যায়।

গত বছরের জুনে ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন বেরিয়ে আসার পক্ষে রায় দেয়। গণভোটের ওই অপ্রত্যাশিত ফলের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যান ডেভিড ক্যামেরন, নতুন দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির থেরেসা মে।