হাঙ্গেরিতে অভিবাসী নির্যাতনের ভিডিও নিয়ে তোলপাড়
পুলিশ ধাওয়া করছে। দৌড়ে পালাচ্ছেন একজন শরণার্থী। তাঁকে ল্যাং মেরে ফেলে লাথি মারছেন হাঙ্গেরির এক নারী। হাতে ক্যামেরা নিয়ে তিনি একটি শিশুকেও লাথি মারছেন। হাঙ্গেরি সীমান্ত এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়। খবর এএফপির।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘ওয়াল অব শেম’ নামের একটি পেজে ঘটনাটির ছবি ও ভিডিও প্রকাশিত হয়। এতে গতকাল বুধবার পর্যন্ত প্রায় ১৬ হাজার মানুষ সাড়া দেয়। বিতর্কিত ওই হাঙ্গেরীয় নারীর নাম পেত্রা লাসলো। তিনি দেশটির জাতীয় টেলিভিশন এনওয়ানটিভিতে কাজ করেন। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাঁকে বরখাস্ত করেছে। তাঁকে উদ্দেশ করে ফেসবুকে এক ব্যক্তি লিখেছেন, ‘আপনি নিজ পেশার জন্য কলঙ্ক।’
ভিডিওচিত্রটি গত মঙ্গলবার রাতে প্রকাশিত হওয়ার পর হাঙ্গেরির দুটি রাজনৈতিক দল লাসলোর বিরুদ্ধে মামলা করেছে। তবে তাঁর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে কি না, স্পষ্ট নয়। বহুল আলোচিত ওই ভিডিওতে দেখা যায়, সার্বিয়া সীমান্তের কাছাকাছি রসজকে এলাকায় কোলে শিশুসন্তানকে নিয়ে দৌড়ে যাওয়া ব্যক্তিকে ফেলে দিচ্ছেন লাসলো। এরপর তিনি আরেক শিশুকে লাথি মারছেন।
মানবাধিকার সংগঠন হাঙ্গেরিয়ান হেলসিংকি কমিটির কর্মী আনিকো বাকোনি বলেন, দৃশ্যগুলো জঘন্য। লাসলো কেবল বিদেশিদের লাথি মারছিলেন, আর কাউকে নয়। একটি শিশুও তাঁর নির্যাতনের শিকার হয়েছে, যে স্পষ্টতই একজন আশ্রয়প্রার্থী।