হাঙ্গেরিতে ঢোকার চেষ্টায় কয়েক হাজার শরণার্থী
হাজার হাজার শরণার্থীর প্রবেশ নিয়ন্ত্রণের জন্য হাঙ্গেরির কর্তৃপক্ষ সীমান্তে বাড়তি ২ হাজার ১০৬ জন পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পুলিশপ্রধান করোয় পপ গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
সার্বিয়া সীমান্ত অতিক্রম করে বিপুলসংখ্যক মানুষ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে আসা এসব মানুষ ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছায়। গ্রিস ও ইতালির উপকূল থেকে তারা মেসিডোনিয়া হয়ে সার্বিয়া অতিক্রম করে হাঙ্গেরিতে যেতে চায়। পাসপোর্ট ছাড়াই চলাচলের জন্য খ্যাত ইউরোপীয় ইউনিয়নের শেনজেন এলাকার শুরু হাঙ্গেরি থেকেই। পুলিশ জানায়, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা ২ হাজার ৫৩৩ জন অভিবাসীকে গত মঙ্গলবার হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আটক করা হয়েছে। আগের দিনও সেখানে পৌঁছায় প্রায় দুই হাজার মানুষ।
ওই শরণার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার জন্য হাঙ্গেরির সরকার সীমান্তে সেনা মোতায়েনের চিন্তাভাবনাও করছে। রোসকে শহরে অবস্থিত দেশটির প্রধান শরণার্থী নিয়ন্ত্রণকেন্দ্র থেকে প্রায় ২০০ অভিবাসী গতকাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
জার্মানির দুটি শরণার্থীশিবিরে হামলা: জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগের একটি আশ্রয়কেন্দ্রে ককটেল হামলা হয়েছে। সেখানে গতকাল থেকে ৫৬ জন আশ্রয়প্রার্থীকে রাখার কথা ছিল। এ ছাড়া পূর্বাঞ্চলীয় আরেক শহর পার্কিমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা ছুরি হাতে নিয়ে অভিবাসীবিরোধী স্লোগান দিতে দিতে একটি আশ্রয়শিবিরে হামলা চালায়।
অ্যাঙ্গেলা ম্যার্কেল গতকাল একটি শরণার্থীশিবির পরিদর্শনে গেলে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীরা তাঁকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে দুয়ো ধ্বনি দিয়েছে। তবে ম্যার্কেল অঙ্গীকার করেছেন, আশ্রয়প্রার্থীদের ওপর ‘নির্লজ্জ ও জঘন্য’ হামলা কোনোভাবেই ‘বরদাশত করা হবে না’। যারা অন্য মানুষের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলবে, তাদের সুযোগ দেওয়া হবে না।