শরণার্থীদের সঙ্গে হাঙ্গেরির দাঙ্গা পুলিশের সংঘর্ষ এবং এর ফলে দেশটির কূটনৈতিক বিচ্ছিন্নতা প্রকট হওয়ার দিকে ইঙ্গিত করে দেশটির রক্ষণশীল দৈনিক ম্যাগিয়া নেমজে শিরোনাম করেছে, ‘সর্বাত্মক লড়াই’।
সি সাবা লুকাকস পত্রিকায় জ্যেষ্ঠ এক লেখকের ভাষায়, ‘পাথর নিক্ষেপ করা তরুণ মুসলিমদের’ হামলার শিকার হাঙ্গেরি। তিনি লিখেছেন, ‘ওরা হাঙ্গেরির সীমান্ত ঘিরে ফেলেছে। তাদের ধারণা, বৈধ কাগজপত্র ছাড়াই পুরো ইউরোপে ঘোরাঘুরির মৌলিক মানবাধিকার তাদের রয়েছে।’
এ ধরনের অনুভূতির সঙ্গে হাঙ্গেরির অনেক মানুষই একমত। কিন্তু বিপরীত ছবিও আছে। তা সাধারণ মানুষ আর রাজনৈতিক দল দুই দিকেই। বিভক্ত প্রচারমাধ্যমও।
সাম্প্রতিক মাসগুলোতে হাঙ্গেরির সঙ্গে সার্বিয়া সীমান্তের রোজসকা দিয়ে হাজারো শরণার্থী পার হয়েছে। গত সপ্তাহে নির্মিত শরণার্থী শিবিরে তাঁদের অল্প কয়েকজনই এখন রয়েছে। শিবিরের কাছেই রয়েছে ভুট্টা ও সূর্যমুখীর খেত। খেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শরণার্থীদের পরিত্যক্ত ঝোলা, কাপড়চোপড় আর শিশুদের খেলনা। শরণার্থীদের অনেকেই খেতের ভেতরেই ঘুমান বা পালিয়ে থাকেন। অনেকে পুলিশের তাড়া থেকে বাঁচতে খেতের ভেতর দিয়ে ছুটে যান। এসব কারণে ফসলের ক্ষতি হয়েছে।
একটি খেতে লাল গোলমরিচ পরীক্ষা করছিলেন স্থানীয় কৃষক জোলতান ভারগা। তিনি বলেন, ‘আমি খুশি যে বিষয়টির শেষ হয়েছে।’ ভারগা জানান, শরণার্থীদের পায়ে দলিত হয়ে তার খেতের কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
জোলতান ভারগা টেলিভিশনে শরণার্থীদের সঙ্গে পুলিশের বুধবারের সংঘর্ষের দৃশ্য দেখেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঠিক কাজই করেছে।’ তবে সঙ্গে শিশু থাকা পরিবারগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন এই চাষি।
রোজসকা-হোরগোস সীমান্তে শরণার্থীদের ওপর পুলিশের কড়া ব্যবস্থা নেওয়ার ঘটনায় বিভক্ত হয়ে পড়েছে হাঙ্গেরির সরকারপন্থী ও বিরোধী পত্রিকাগুলো। ক্ষমতাসীন ফিডেস দলের নতুন পত্রিকা ম্যাগিয়া আইডক-এ বলা হয়েছে, অভিবাসীদের আগ্রাসী মনোভাবের কারণে পুলিশের জলকামান ব্যবহার ছাড়া আর কোনো উপায় ছিল না। মধ্য বামপন্থী পত্রিকা নেপসজাবাদসাগসরকারকে খোঁচা দিয়ে বিদ্রূপ করে লিখেছে, ‘শক্তিশালী হাঙ্গেরি জাতি এখন মুক্তভাবে শ্বাস নিতে পারে। আমাদের দুশ্চিন্তা করার মতো আর কিছু নেই।’
গত অক্টোবরে আকস্মিকভাবে জনপ্রিয়তায় ধস নামে হাঙ্গেরির বর্তমান সরকারের। জনপ্রিয়তা বাড়ানোর আশায় সরকার উদ্বেগের সঙ্গে জনমত জরিপের মতামত পর্যবেক্ষণ করছে। শরণার্থী সংকট সামাল দেওয়া নিয়ে সরকার লাখো মানুষের সমর্থন হারিয়েছে। উত্থান ঘটেছে কট্টর জাতীয়তাবাদী দল ইয়ব্বিকের। সরকার অভিবাসনবিরোধী যে বাগাড়ম্বর চালায় ইয়ব্বিকও তাতে সুর মেলায়। তবে সাম্প্রতিক জরিপের ফল ক্ষমতাসীন দলের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ওই জরিপে বলা হয়েছে, ফিডেসের জনপ্রিয়তা সেপ্টেম্বরে ৪৩ শতাংশ থেকে বেড়ে ৪৮ শতাংশ হয়েছে।
তবে জরিপের ওই ফলকে চ্যালেঞ্জ করেছেন বুদাপেস্টের সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির জনমত জরিপ বিশেষজ্ঞ প্রফেসর গাবর তোকা। তিনি বিবিসিকে বলেন, ‘শরণার্থী সংকট সামাল দেওয়ার কারণে সরকারের জনপ্রিয়তা বেড়েছে—এমন কোনো প্রমাণ আমি পাইনি।’ সূত্র: বিবিসি।