হামবুর্গে শুরু হচ্ছে জি-২০ জোটের সম্মেলন

জার্মানির বন্দর শহর হামবুর্গে জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে তিন দিন ধরে হাঙ্গামা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নসহ ১৯টি দেশের এই জোটের চলতি বছরের সভাপতি জার্মানি।
৭ ও ৮ জুলাই অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে উন্নত ও অগ্রসরমাণ অর্থনীতির ১৯টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা হামবুর্গে হাজির হবেন। এসব রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, চীন, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা।
সম্মেলনের প্রাক্কালে এ ধরনের জোটের বিরোধী প্রায় ৭০টি সংগঠন হামবুর্গে বলেছে, জি-২০ জোট একধরনের ধনীদের ক্লাব। একচেটিয়া মুনাফা অর্জনের বিরুদ্ধে বিরোধীদের স্লোগান হলো, ‘সবার জন্য বিশ্বায়ন’। জার্মানিসহ ইউরোপের নানা দেশ থেকে প্রায় এক লাখ মানুষ এ জোটের বিরুদ্ধে বিক্ষোভ করতে হামবুর্গে জড়ো হয়েছেন।
গত রোববার হামবুর্গ শহরের এলব নদীর কাছের পার্ক এলাকায় ঘাঁটি গড়ে তোলা প্রায় ৬০০ বিক্ষোভকারীকে উঠিয়ে দেয় পুলিশ। তাঁদের তাঁবু ও রান্নার জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন খোলা জায়গা ও আল্টেনাওয়ার পার্কে রাত কাটান। স্থানীয় ফুটবল দল সেন্ট পাউলি ফুটবল ক্লাবসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বিক্ষোভকারীদের সহায়তা করছেন।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পর ১৯৯৯ সালে বার্লিনে প্রথম জি-২০ জোটের কার্যক্রম শুরু হয়। শুরুতে এ জোটের লক্ষ্য ছিল, সম্মিলিত ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক মন্দা রোধ করা। বিশ্বের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের অধিবাসীর প্রতিনিধিদের এই সম্মেলনে বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু ও রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে।

হামবুর্গ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা পুঁজিবাদ ও শোষণ নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করছেন। আজ বুধবার হামবুর্গের বিখ্যাত ফিসমার্কেটে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়েলকাম টু হেল’ শিরোনামের একটি অনুষ্ঠান। গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, কাল রাতে বার্কলেকার্ড অ্যারেনাতে ‘সবার জন্য বিশ্বায়ন’ নামের মিউজিক কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বখ্যাত শিল্পী শাকিরা, প্যারেল উইলিয়াম, হেবার্ট গ্রুনেমায়ার, এলি গোল্ডিং ও রক ব্যান্ড কোল্ড প্লে অংশ নেবে।
জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে শহর কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য ২০ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করেছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত সপ্তাহে এক বৈঠকে এ সম্মেলনে প্রাপ্তির ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্যারিস জলবায়ু চুক্তি সমুন্নত রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।