হামবুর্গের হাঙ্গামাকারীদের ধরতে জার্মান আইনমন্ত্রীর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি নাগরিক আন্দোলনের স্বেচ্ছাসেবী কর্মীরা হামবুর্গের সানসেন অঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি নাগরিক আন্দোলনের স্বেচ্ছাসেবী কর্মীরা হামবুর্গের সানসেন অঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ছবি: সংগৃহীত

জার্মান আইনমন্ত্রী হাইকো মাস হামবুর্গের হাঙ্গামাকারীদের পাকড়াওয়ে সহযোগিতায় ইউরোপীয় অন্যান্য দেশের আইনমন্ত্রীদের কাছে আবেদন করেছেন। জার্মান আইনমন্ত্রী জানিয়েছেন, ইউরোপীয় অন্য দেশগুলোর সহযোগিতায় এই দাঙ্গাকারীদের শাস্তির আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে তারা অন্য কোথাও এ ধরনের হাঙ্গামা না করতে পারে।

হামবুর্গে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, রাশিয়া, হল্যান্ড, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার ৫১ জন নাগরিক দাঙ্গাকারী সন্দেহে আটক রয়েছেন। হামবুর্গ পুলিশ একটি কমিটির মাধ্যমে হামলাকারী ও ইন্ধনদাতা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। হামবুর্গে জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দাঙ্গা-হাঙ্গামার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। স্মরণকালের বৃহত্তম এই হাঙ্গামাকে কেন্দ্র করে পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় ইউরোপ ও জার্মানিতে কালো ব্লক বলে পরিচিত চরম বামপন্থীদের দায়ী করা হচ্ছে। পাশাপাশি জি-২০ সম্মেলনের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য হামবুর্গের মেয়র ওলাফ সুলজের সমালোচনা করা হচ্ছে।

গত রোববার জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার সম্মেলন চলাকালে দাঙ্গা-হাঙ্গামায় ক্ষতিগ্রস্ত সানসেন অঞ্চল পরিদর্শন করেন এবং দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার কথা জানান। তিনি হামবুর্গের সেনাবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করে। হামবুর্গে জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে কয়েক দিনের দাঙ্গা-হাঙ্গামায় ৪৭৬ জন পুলিশ ও অজ্ঞাতসংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি নাগরিক আন্দোলনের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী ওই এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

জি-২০ সম্মেলন চলাকালে হামবুর্গের রাজপথে বিক্ষোভকারীরা। ছবি: সরাফ আহমেদ
জি-২০ সম্মেলন চলাকালে হামবুর্গের রাজপথে বিক্ষোভকারীরা। ছবি: সরাফ আহমেদ

পুলিশ ও স্থানীয় নাগরিকদের কাছ থেকে পাওয়া ছবি ও ভিডিও পর্যালোচনা করে পুলিশ দাঙ্গাকারীদের গ্রেপ্তার অভিযানে নেমেছে। রোববার রাতে জার্মানির সীমান্ত পুলিশ অতর্কিতভাবে জার্মানির সঙ্গে সংযুক্ত নয়টি দেশের সীমান্তে তল্লাশিচৌকি বসিয়ে দাঙ্গাকারী সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। যদিও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ড্যে ম্যাজায়ার জানিয়েছেন, চেকপোস্টে আটক ব্যক্তিদের সঙ্গে জি-২০ সম্মেলনের হাঙ্গামার কোনো সম্পর্ক নেই। জার্মানির রাজনীতিকেরা হামবুর্গের ঘটনার পর ইউরোপের চরম বামপন্থীদের তালিকা তৈরির তাগাদা দিয়েছেন।

হামবুর্গের মেয়র ওলাফ সুলজ জানান, জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে হামবুর্গে ২০ হাজার পুলিশ মোতায়েন ছিল। দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২২৫ জনকে আটক করা হয়েছে। ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি জানান, ৪৭৬ জন পুলিশ এই দাঙ্গায় আহত হয়েছে। অবশ্য জার্মানির অনেকেই জি-২০ সম্মেলন শুরুর আগের দিনের বিক্ষোভে পুলিশের হামলা একেবারেই উসকানিমূলক ছিল বলে দাবি করেছেন।