হামলা বাড়িয়েছেন রুশ সেনারা, পুতিনের সঙ্গে মাখোঁ-শলৎজের ফোনালাপ
ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাসে হামলা জোরদার করেছে রাশিয়া। এ ছাড়া দনবাস অঞ্চলের আরেক শহর লিমানের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন জার্মানি ও ফ্রান্সের সরকারপ্রধানেরা। এই আহ্বানে সাড়া দিলেও ইউক্রেনে অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্কবার্তা উচ্চরণ করেছেন পুতিন।
ইউক্রেনের পূর্বাঞ্চলের বড় শহর সেভেরোদোনেৎস্কে রুশ বাহিনীকে ঠেকাতে তীব্র লড়াই করছে দেশটির বাহিনী। সেখানে সর্বাত্মক হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এই এলাকায় রুশ বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।
এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। ইউক্রেনের শহর মারিউপোলে যাঁরা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, তাঁদের ছেড়ে দিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন এই দুই নেতা। মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানা থেকে প্রায় আড়াই হাজার ইউক্রেনীয় সেনাকে আটক করা হয়েছে। তাঁদের ছেড়ে দিতেই এই আহ্বান।
এ ছাড়া ওদেসা বন্দর অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী। এই বন্দর থেকে সরে গিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির পথ খুলে দিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন শলৎজ ও মাখোঁ।
যৌথ এই ফোনালাপের পর একটি বিবৃতি দিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়েছে, মাখোঁ ও শলৎজের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের শস্য রপ্তানির পথ খুলে দিতে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন। তবে যুক্তরাষ্ট্র যাতে ইউক্রেনকে আর অস্ত্র না দেয়, সেই বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন পুতিন। গতকাল তিনি বলেন, এতে অস্থিরতা আবারও বাড়তে পারে।