ফ্রান্সের প্যারিসে শার্লি হেবদো নামের রম্য একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনের নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আত্মসমর্পণ করেছে। অন্য দুজন এখনো ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়া হামলাকীরাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।
হামলাকারীদের ধরতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানের মধ্যেই গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত হয়েছেন আরেক কর্মকর্তা। তবে এ ঘটনার সঙ্গে শার্লি হেবদোর কার্যালয়ে হামলার যোগসূত্র আছে কি না, তা পরিষ্কার নয়। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ইসলাম ধর্ম ও মহানবী (স.)-কে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, দুই পুলিশ সদস্য ও অন্য দুজন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই হামলার পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে।
ফরাসি পুলিশ বিভিন্ন অঞ্চলে অভিযানে নামা বাহিনীগুলোকে সন্দেহভাজন তিন হামলাকারীর নামসংবলিত যে নথি সরবরাহ করেছে, তা গতকাল গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছে যায়। ওই নথি মোতাবেক, তিন হামলাকারী হলো সাইদ কোশি (৩৪), তার ভাই শরিফ কোশি (৩২) এবং হামিদ মুরাদ (১৮)। এর মধ্যে পুলিশ গতকাল সকালে শেরিফ ও সাইদ কোশির ছবি প্রকাশ করে।
প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তরের একজন কর্মকর্তা জানান, তিনজনের মধ্যে হামিদ মুরাদ প্যারিস থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে বেলজিয়াম সীমান্তবর্তী একটি এলাকায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। শার্লি হেবদো কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি পরিচয়পত্র দেখে তাকে আগেই শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ।
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির খবরে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়, হামিদ মুরাদ নিজের নাম সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তে দেখে পুলিশের কাছে ধরা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা দুই ভাইয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে অন্তত সাতজনকে আটক করা হয়েছে বলেও চ্যানেলটির খবরে জানানো হয়। তাদের আটক করা হয়েছে প্যারিস এবং রিম ও শার্লভিল-মেজিয়ের নামের দুটি এলাকা থেকে। এসব এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত ছিল।
পুলিশ সূত্র জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে শেরিফ কোশিকে ২০০৮ সালে একটি জিহাদি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার দায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্যারিসভিত্তিক জিহাদি গোষ্ঠীটি ইরাকে জিহাদি পাঠানোর সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল।
দুই ভাইয়ের অবস্থান ‘শনাক্ত’: সাঁড়াশি অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, সন্দেহভাজন ওই দুই ভাইকে ফ্রান্সের উত্তর এলাকায় দেখা গেছে। তারা সেখানকার একটি পেট্রলপাম্পে স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে অস্ত্রের মুখে পেট্রল ও খাদ্যসামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে পাম্পের কর্মকর্তারা পুলিশকে বলেছেন।
পুলিশ কর্মকর্তা নিহত: প্যারিসের দক্ষিণে শহরতলি মঁরুজ এলাকায় গতকাল এক বন্দুকধারীর গুলিতে নিহত হন পুলিশের এক নারী কর্মকর্তা। গুরুতর আহত হয়েছেন আরেকজন। হামলার পর বন্দুকধারী পালিয়ে গেছে।
তবুও বেরোবে শার্লি হেবদো: শার্লি হেবদো পত্রিকার আইনজীবী রিশা মালকা নিশ্চিত করেছেন, ভয়াবহ হামলার পরও পত্রিকাটির আগামী সপ্তাহের সংখ্যা বের করা হবে। আগামী বুধবার ছাপা হবে ১০ লাখ কপি। সাধারণত পত্রিকাটি ৬০ হাজার কপি ছাপা হয়ে থাকে।
জাতীয় শোক: ভয়াবহ ওই হামলার ঘটনায় ফ্রান্সে গতকাল জাতীয় শোক পালন করা হয়। এর অংশ হিসেবে গতকাল দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখা হয়। স্থানীয় সময় বেলা ১১টায় পুরো দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালে ঘণ্টা বাজানো হয়। ফ্রান্সে গত ৫০ বছরে এ নিয়ে মাত্র পাঁচবার জাতীয় শোক পালিত হলো।
প্রতিশোধমূলক হামলা: ফ্রান্সে গত দুই দিনে মুসলমানদের ওপরে অন্তত পাঁচটি হামলার ঘটনার খবর দিয়েছে ফরাসি গণমাধ্যম। শার্লি হেবদোর কার্যালয়ে হামলার ঘটনার পর প্রতিশোধমূলক এসব হামলার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর মেলেনি।