হামলাকারী লাউইজ দুদিন আগে ঘটনাস্থলে গিয়েছিলেন
নিসের হামলাকারী মোহাম্মদ লাউইজ বুলেল (৩১) হামলা চালানোর দুদিন আগে ভাড়া করা ট্রাকটি নিয়ে ঘটনাস্থল দেখে এসেছিলেন। তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র আজ রোববার এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, পুলিশ শতাধিক ব্যক্তিকে এ হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন জানান, লাউইজ বুলেলের মধ্যে ধার্মিক হওয়ার লক্ষণ দেখা গেছে।
ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ‘দ্রুত’ উগ্র স্বভাবের হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁর পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুরা আগে বলেছিলেন, তিনি ধূমপান ও মদ পান করতেন। কখনোই মসজিদে যাননি।
গত বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরের তীরের নয়নাভিরাম অবকাশ শহর নিসে বাস্তিল দিবসের আতশবাজির প্রদর্শনী দেখতে সমবেত লোকজনের ওপর দ্রুতগতির ট্রাক তুলে দিয়ে ৮৪ জনকে হত্যা করেছেন মোহাম্মদ লাউইজ বুলেল। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ট্রাকটিও থেমে যায়। এ হামলায় ১০ শিশু-কিশোরসহ ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৮ জন। এঁদের মধ্যেও প্রায় ৫০টি শিশু রয়েছে।
ফ্রান্সের নিস শহরে হামলাকারী এই ব্যক্তি তিউনিসিয়ার নাগরিক। তবে বৈধভাবে থাকতেন নিস শহরে। ছোটখাটো অপরাধের ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ ছিল, তবে জঙ্গি সন্দেহে তাঁর ওপর গোয়েন্দা নজরদারি ছিল না। প্রতিবেশীরা জানিয়েছেন, খুব বেশি কথা বলতেন না তিনি, বেশির ভাগ সময় একাই চলাফেরা করতেন।