হামলাকারীর বসবাসের আবেদন নাকচ হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের রাজধানী স্টকহোমে ডিপার্টমেন্ট স্টোরে ট্রাক হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির দেশটিতে স্থায়ীভাবে বসবাসের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। এ ছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি তাঁর আগ্রহ ছিল। সুইডেনের পুলিশ গতকাল রোববার এ কথা জানায়।
পুলিশপ্রধান জোনাস হাইসিং সাংবাদিকদের বলেন, ৩৯ বছর বয়সী উজবেকিস্তানের ওই নাগরিক ২০১৪ সালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে সুইডিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। দেশের অভিবাসন সংস্থা ২০১৬ সালের জুন মাসে আবেদনটি প্রত্যাখ্যান করে এবং তাঁকে সুইডেন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, অভিবাসন সংস্থা ২০১৬ সালের ডিসেম্বর মাসে ওই ব্যক্তিকে জানায়, সুইডেন ত্যাগ করতে তাঁর হাতে আর মাত্র চার সপ্তাহ সময় রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়। এরপরই ওই ব্যক্তি আত্মগোপন করেন।
পুলিশপ্রধান বলেন, ‘তিনি (হামলাকারী) আইএসের মতো চরমপন্থী সংগঠনগুলোর ব্যাপারে আগ্রহী ছিলেন বলে আমরা জানতে পেরেছি।’ হাইসিং এ সময় আরও বলেন, ওই হামলায় নিহত চার ব্যক্তির মধ্যে দুজন সুইডেন, একজন যুক্তরাজ্য ও একজন বেলজিয়ামের নাগরিক ছিলেন।
গত শুক্রবার সন্দেহভাজন ওই হামলাকারী স্টকহোমে একটি ট্রাক চালিয়ে ভিড়ের ওপর দিয়ে আহলেনস ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে পড়েন। এতে চার ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়। এ হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সুইডেন পুলিশ।
হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এবং সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করতে গতকাল স্টকহোমের প্রাণকেন্দ্রে জমায়েত হয়েছিলেন হাজারো মানুষ।
এদিকে ট্রাক ঢুকিয়ে দিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন আটক আরেক ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। স্টকহোমের ডিস্ট্রিক্ট কোর্ট গতকাল এ আদেশ দেন। আদালতের বিচারক হেলগা হুলম্যান বলেন, ‘আমি নিশ্চিত করছি, দ্বিতীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’