
ফ্রান্সের নিস শহরে জনতার ওপর ট্রাক চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর আগে হামলাকারী মোহাম্মদ লাউইজ-বুলেল (৩১) তাঁর মুঠোফোন থেকে খুদেবার্তা পাঠিয়েছিলেন। ওই খুদেবার্তায় তিনি অস্ত্র পাওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।
ঘটনা তদন্তকারীদের একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল রোববার এ কথা জানিয়েছে। ওই সূত্র বলেছে, খুদেবার্তায় বুলেল একটি ৭.৬৫ এমএম পিস্তল পাওয়ার কথা নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেন এবং অন্য অস্ত্র সরবরাহ নিয়েও কিছু কথা লেখেন। এ ছাড়া, চালকের আসনে বসার পর নিজের ছবি তুলে সেই ছবিও তিনি এসএমএস করেছিলেন। কাকে উদ্দেশ্য করে বুলেল বার্তাগুলো পাঠিয়েছিলেন তা বের করতে ২০০ জন তদন্তকারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এদিকে, ট্রাকে পিষে ৮৪ জনকে হত্যার ওই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গতকাল আটক করেছেন তদন্তকারীরা। তাঁরা বলছেন, হামলার উদ্দেশ্য ও প্রস্তুতি সম্পর্কে ওই দুজনের কাছ থেকে তথ্য মিলেছে।
হামলায় জড়িত সন্দেহভাজন হিসেবে গতকাল যে দুজনকে আটক করা হয়, তাঁদের একজন নারী। এর আগে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। এঁদের মধ্যে লাউইজ-বুলেলের স্ত্রীকে দুদিন জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আরেক সন্দেহভাজন ২২ বছর বয়সী তরুণ। তিনি লাউইজ-বুলেলকে সহযোগিতা করেছেন বলে তথ্য মিলেছে।
তদন্তকারী দলের একটি সূত্র বলেছে, হামলা চালানোর দুদিন আগে লাউইজ-বুলেল ওই ট্রাক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।
এদিকে নিসে হামলার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে ফরাসি সরকার একটি সংরক্ষিত নিরাপত্তা বাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে। এতে যোগ দিতে ‘দেশপ্রেমিক’ তরুণদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রথম দফায় ১২ হাজার সদস্য নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।