হামলার পরও যে কারণে দেশপ্রেমের বহিঃপ্রকাশ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর সেখানে সন্ত্রাস প্রতিরোধে সবাই একজোট হয়ে রাস্তায় নেমেছিল। মিছিল ও সভা-সমাবেশ করে সংহতি প্রকাশ করেছে দেশ দুটির মানুষ। সরকারপ্রধানেরা সন্ত্রাস দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হামলার শিকার হওয়ার পর দুটি দেশকেই বেশ উঁচু মাত্রায় জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত হয়ে একরকম ‘যুদ্ধংদেহী’ প্রতিক্রিয়াই ব্যক্ত করতে দেখা গেছে।
কিন্তু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জনমনে সে ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। এত বড় ঘটনার পরও দেশটিতে মানুষ একজোট হয়ে রাস্তায় নামেনি। তেমন কোনো মিছিল-সমাবেশ হয়নি। আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতারা বদলা নেওয়ার ঘোষণা দিলেও বেলজিয়ামের নেতাদের জনগণকে সহনশীল আচরণ করতেই পরামর্শ দিতে দেখা গেছে।
কিন্তু কেন? বেলজিয়ামবাসী কি জাতীয়তাবাদী চেতনার ঘাটতিতে ভুগছে? নাকি সন্ত্রাস দমনে সরকারের ওপর তাদের আস্থা নেই? সরকারকেও বা কেন ‘মিনমিনে গলায়’ কথা বলতে দেখা যাচ্ছে?
এর কারণ সম্ভবত দেশটির জনগণের মানসিকতায় বিভক্তি। এই বিভক্তির মূল কারণ হলো ভাষা। বেলজিয়ামে প্রায় সোয়া এক কোটি লোকের বাস। এদের মধ্যে ফরাসি ও ফ্লেমিশ ভাষাভাষীর সংখ্যা বলা যায় আধাআধি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ফুটবল দল ‘রেড ডেভিলস’ ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে। ব্রাসেলস হামলার আগে একমাত্র এই সাফল্যই পুরো জাতিকে কিছুটা হলেও মানসিকভাবে এক জায়গায় আনতে পেরেছে। তবে ব্রাসেলস হামলা সব ভাষার বেলজিয়ামবাসীকে অন্তত বিলাপ করার জন্য হলেও প্লস দে লা বুর্জ চত্বরে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে।
ফরাসি ভাষাভাষী দামিয়েন বিলতারিস্ত বলেন, ‘আমরা ভাষার কারণে একে অন্যের সঙ্গে যোগাযোগের কিছুটা ঘাটতি অনুভব করি। তবে যে ভাষার বা যে শ্রেণিরই হই না কেন, আমরা একই রকম কষ্ট অনুভব করেছি।’
হামলার শিকার হওয়া জাভেনতেম বিমানবন্দরটি ফ্লেমিশ ভাষাভাষীদের এলাকা। আর অন্য হামলার শিকার পাতাল রেলস্টেশনের দিকে মূলত ফরাসি ভাষাভাষীদের বাস।
বেলজিয়ামের ল্যুভেইন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী রেজিস ডানডোয় বলেন, ১৮৩০ সালে ডাচ দখলদারি থেকে বেরিয়ে ‘কৃত্রিমভাবে’ বেলজিয়ামের জন্ম হয়েছিল। সে সময় ‘বেলজিয়ান’ বলে কেউ ছিল না। স্বাধীনতার বহু বছর পর ‘বেলজিয়াম’ বা ‘বেলজিয়ান’ শব্দটির উদ্ভব হয়। তিনি মনে করেন, হয়তো সে কারণেই এখানকার মানুষের কাছে নিজ ভাষার সম্প্রদায় বৃহত্তর জাতির চেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টিও তাদের এক ছাতার তলায় আনার পথে অন্যতম বাধা।