হামলার পরিণাম কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙ্কারায় শনিবারের বোমা হামলায় নিহতের সংখ্যাটা (৯৫) রীতিমতো আতঙ্কজনক। তুরস্কে কোনো সন্ত্রাসী হামলায় একসঙ্গে এত বেশি মানুষের প্রাণহানি আগে কখনো ঘটেনি। এই নৃশংস হামলার প্রভাব সুদূরপ্রসারী হবে বলেই মনে হচ্ছে।
বিশ্লেষকেরা মনে করেন, তুরস্ক ভবিষ্যতে আবারও এ ধরনের হামলার মুখোমুখি হতে পারে। জোড়া বোমা হামলার ঘটনার প্রভাবে দেশটির পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার ও তুরস্কের কুর্দি সংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও তীব্র হতে পারে। তবে বিষয়গুলো নির্ভর করবে তুর্কি কর্তৃপক্ষ এবং তাদের রাজনৈতিক বিরোধী কুর্দিপন্থী দলগুলোর প্রতিক্রিয়ার ওপর।
কুর্দি রাজনৈতিক দলগুলোর সমাবেশে চলতি বছর এ পর্যন্ত তিনবার বোমা হামলা হয়েছে। সিরিয়া সীমান্তের কাছে সুরুচ শহরে গত জুলাইয়ে আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নিহত হয়। সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একজন সমর্থককে ওই হামলার জন্য দায়ী করা হয়।
তুরস্কে রাজনৈতিক সংলাপের উদ্যোগ ইতিমধ্যে নাজুক হয়ে পড়েছে। ওই হামলায় আইএসের জড়িত থাকার সম্ভাবনা জোরালো। তুর্কি কর্তৃপক্ষ আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার পর থেকেই আঙ্কারার বিরুদ্ধে নানা রকমের হুমকি দিয়ে আসছে জিহাদি সংগঠনটি। তবে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু ওই হামলার নেপথ্যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং কট্টর বামপন্থী সংগঠন ডিএইচকেপি-সি এবং সমমনা সংগঠনগুলোর জড়িত থাকার সম্ভাবনার কথা বলেছেন।
পিকেকে অন্তত ৩০ বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। ডিএইচকেপি-সি ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছিল।
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল নিয়ে গবেষণাকারী লেভান্টাইন গ্রুপের প্রধান নির্বাহী দানিয়েল নিসমান মনে করেন, আঙ্কারায় শনিবারের হামলায় সন্দেহের তির আইএসের দিকেই যাচ্ছে। জঙ্গি সংগঠনটি মূলত সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালায় এবং জাতিগত উত্তেজনায় ইন্ধন দেয়।
তুরস্কে নিরাপত্তা বাহিনী ও পিকেকের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার পর শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এই সহিংস পরিস্থিতির সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে পারে আইএস। তারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের আক্রমণে চাপের মুখে রয়েছে। নিসমান বলেন, তুর্কি সরকার ও আইএস এখন পর্যন্ত কুর্দি জাতীয়তাবাদীদের ‘বড় শত্রু’ মনে করে। তুর্কি নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকার শহরগুলো সুরক্ষার সামর্থ্য রাখে। কিন্তু তুরস্কের কেন্দ্রস্থলে গত দুই বছরে আইএসের উপস্থিতি বেড়েছে। এমনকি ইস্তাম্বুলের আশপাশের কয়েকটি এলাকাকে আইএস তাদের অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও ব্যবহার করছে।
আঙ্কারায় হামলার পর দেশবাসীর উদ্দেশে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কিন্তু বাস্তবতা হলো, দেশটিতে আগামী মাসের নির্বাচন ঘিরে পারস্পরিক অবিশ্বাস ক্রমে বাড়ছে। এরদোয়ান পার্লামেন্টে তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে চান। সে লক্ষ্যে তিনি জাতীয়তাবাদী চেতনার প্রতি সমর্থন চেয়েছেন, যা চরমভাবে কুর্দিবিরোধী।