হামলার শঙ্কায় ইউরোপে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইংরেজি নববর্ষ উদ্যাপনের সময় সম্ভাব্য হামলার আশঙ্কায় ইউরোপের প্রধান শহরগুলোতে গতকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। ফ্রান্সের প্যারিস ও বেলজিয়ামের ব্রাসেলসে বাতিল করা হয়েছে আতশবাজিসহ নববর্ষের বিশেষ উৎসব-আয়োজন। প্যারিসে গত ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের কয়েকজন বেলজিয়ামের নাগরিক। গতকাল দিনের শুরুতেই তুরস্ক খবর দেয়, রাজধানী আঙ্কারায় নববর্ষের আয়োজনে হামলার বড় এক ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও রাশিয়ার সরকারি কর্মকর্তারা জানান, দেশগুলোর রাজধানী প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে অস্ট্রিয়ার পুলিশ দাবি করেছিল, ‘বন্ধুসুলভ’ একটি গোয়েন্দা সংস্থা নববর্ষে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের আভাস দিয়েছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেন, সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে তথ্য পেয়েই আতশবাজি ও অন্যান্য উৎসব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত বছর মধ্যরাতে নববর্ষকে স্বাগত জানাতে ব্রাসেলসে আয়োজিত উৎসবে যোগ দিয়েছিলেন এক লাখ মানুষ। এ নগরীর মেয়র ইভান মেইয়ুর বলেন, ‘এমন পরিস্থিতিতে এত লোককে তল্লাশি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
নববর্ষের উৎসব চলাকালে হামলার পরিকল্পনা করার সন্দেহে এ সপ্তাহের শুরুতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বেলজিয়ামের পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে প্রচারণা-সংবলিত কাগজপত্র, সামরিক বাহিনীর পোশাক ও কম্পিউটার যন্ত্রাংশ।
প্যারিসে গত ১৩ নভেম্বরের রক্তক্ষয়ী জঙ্গি হামলার পর থেকেই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বেলজিয়াম। প্যারিস হামলায় জড়িত সন্ত্রাসীদের কয়েকজন প্রতিবেশী বেলজিয়ামের নাগরিক। ওই হামলার পর কোনো কোনো সন্ত্রাসী সে দেশে পালিয়ে যায় বলে ধারণা করা হয়ে থাকে।
ব্রাসেলসের মতো প্যারিসেও নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হওয়া প্রথাগত আতশবাজি উৎসব বাতিল করা হয়েছে। তবে প্যারিসের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ শাঁজেলিজে অ্যাভিনিউয়ের ঐতিহ্যবাহী সমাবেশ কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হবে। আর্ক দু ত্রিয়ঁফ ঘিরে আয়োজিত অনুষ্ঠানও স্বাভাবিক সময়ের চেয়ে এবার সংক্ষিপ্ত হবে। ভিড় এড়াতে বসানো হবে অনুষ্ঠানের দৃশ্য দেখা যায় এমন চারটি বিশাল পর্দা।
এদিকে তুরস্কের পুলিশ বলেছে, আঙ্কারায় নববর্ষের উৎসবে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে গত বুধবার সন্দেহভাজন দুই আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তল্লাশিকালে জব্দ করা হয় আত্মঘাতী হামলায় ব্যবহৃত বিস্ফোরকভর্তি বেল্ট ও অন্যান্য বিস্ফোরক। সরকারি বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুযায়ী, ওই দুই ব্যক্তি যুদ্ধকবলিত সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেন। তাঁরা ভিড়ে ঠাসা স্থানে দুটি হামলার পরিকল্পনা করছিলেন। নিরাপত্তা বাড়ানো হচ্ছে তুরস্কের আরেক বড় নগর ইস্তাম্বুলেও।
হামলার বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই এমন শহরগুলোতেও জোরালো করা হচ্ছে নিরাপত্তাব্যবস্থা। এমন শহরগুলোর একটি মস্কো। নববর্ষের উৎসবকালে ঐতিহাসিক রেড স্কয়ার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বার্লিনেও নিষিদ্ধ করা হচ্ছে আতশবাজি উৎসব। এখানে বর্ষবরণ উৎসবে ১০ লাখের মতো লোকের অংশ নেওয়ার কথা।
নববর্ষ উদ্যাপন আয়োজনে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে লন্ডনে মোতায়েন করা হয় তিন হাজার পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত সশস্ত্র পুলিশ সদস্য। সেখানে লন্ডন মেয়রের আয়োজিত আতশবাজি উৎসব দেখতে সমবেত হতে পারেন টিকিটকাটা লক্ষাধিক মানুষ।