হামলার 'পরিকল্পনা', প্যারিসে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে তিনজন পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয় বলে ফরাসি প্রচারমাধ্যমে বলা হয়েছে।
প্যারিসের ১৮তম বরো ও কাছের উপশহর সিন সাঁ দোনিতে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে টিভির খবরে বলা হয়, পুলিশের ফাইল অনুযায়ী উগ্র ইসলামপন্থার সঙ্গে ওই চারজনেরই যোগসূত্র ছিল। গোয়েন্দা সূত্র বলেছে, এরা অদূর ভবিষ্যতে প্যারিসের কেন্দ্রস্থলে হামলা চালানোর পরিকল্পনা করছিল।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবারের সন্ত্রাসবিরোধী পুলিশি অভিযানে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মোহামেদ বেলকেদ নামের ওই ব্যক্তি আলজেরিয়ার নাগরিক বলে জানিয়েছে পুলিশ। প্যারিসে গত বছরের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজনদের ধরতে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।
একটি ফ্ল্যাট বাড়ির ছাদ দিয়ে কমপক্ষে দুজন অভিযুক্ত পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় বারান্দা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন বেলকেদ। পুলিশের ওত পেতে থাকা বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।