হামায় তীব্র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হামা প্রদেশের কাফর নাবুদা এলাকায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এ লড়াইয়ে গতকাল সোমবার ওই এলাকার কিছু অংশের নিয়ন্ত্রণও নিয়েছে সরকারি বাহিনী।
এদিকে সিরিয়ায় গুচ্ছবোমা ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রুশ বিমান হামলা আর লেবাননের কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহর সহায়তা নিয়ে সরকারি বাহিনী কাফর নাবুদা এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ যুদ্ধবিমান ওই এলাকায় অন্তত ৩০ বার হামলা চালিয়েছে। সরকারি বাহিনী ও হিজবুল্লাহ শত শত গোলা নিক্ষেপ করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রামি আবদুল রহমান বলেন, লড়াইয়ের একপর্যায়ে গতকাল কাফর নাবুদার দক্ষিণাঞ্চলের একাংশের নিয়ন্ত্রণ নিয়েছে বাশার বাহিনী। তিনি জানান, লড়াইয়ে বিদ্রোহী বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছে। রুশ অভিযান শুরু হওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলের (হামা) এটাই বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর সবচেয়ে ভয়াবহ লড়াই।
লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনও এক প্রতিবেদনে কাফর নাবুদার কিছু অংশ বাশার বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা জানিয়েছে।
এদিকে আল-জাজিরা অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সিরিয়ায় গুচ্ছবোমা ফেলছে বা সিরিয়া সরকারের কাছে গুচ্ছবোমা সরবরাহ করছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ। এর আগে সিরিয়ার মানবাধিকার কর্মীরাও একই অভিযোগ করেছিলেন।
এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যবিষয়ক উপপরিচালক নাদিম আউরি বলেন, তাদের সংগ্রহ করা ছবিতে দেখা গেছে ৪ অক্টোবর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাফর হালফ গ্রামে গুচ্ছবোমা ফেলা হয়েছে। তিনি বলেন, সিরিয়া বা রাশিয়া কারও এ অস্ত্র ব্যবহার করা উচিত নয়। অবিলম্বে তাদের উচিত এ অস্ত্রের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে একাত্ম হওয়া।
এইচআরডব্লিউ বলছে, ৪ অক্টোবরের ওই হামলা রুশ বাহিনী নাকি সিরিয়ার সরকারি বাহিনী চালিয়েছিল, সে ব্যাপারে চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারেনি সংগঠনটি।