হামিদ আবাউদের ভাইয়ের দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে গত বছরের সন্ত্রাসী হামলার সন্দেহভাজন হোতা আবদেল হামিদ আবাউদের ছোট ভাই ইয়াসিনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন মরক্কোর এক আদালত। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার রাজধানী রাবাতে আদালত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে ইয়াসিন আবাউদকে এই সাজা দেন।
‘সন্ত্রাসবাদে সমর্থন’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিতে ব্যর্থতার’ অভিযোগ আনা হয়েছিল ইয়াসিনের বিরুদ্ধে। তবে তাঁর আইনজীবী বলেছেন, ইয়াসিন তাঁর ভাইয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন না।
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের কয়েকটি স্থানে যুগপৎ সন্ত্রাসী হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটে। ঘটনার পরপরই প্যারিসের উত্তরে সঁ দনি এলাকায় পুলিশের অভিযানে নিহত হন ওই হামলার অন্যতম সন্দেহভাজন আবদেল হামিদ আবাউদ। ওই অভিযানে মরক্কোর গোয়েন্দারা ফ্রান্সকে তথ্য দিয়ে সহায়তা করেছিলেন।