হিটলারের ঘাঁটির সেই রোমহর্ষক অভিজ্ঞতা
দিনের প্রতি বেলার খাবারই জীবনের শেষ খাবার হতে পারত তাঁর। হজম হওয়ার আগেই হয়তো ঢলে পড়তে পারতেন মৃত্যুর কোলে। কারণ, সেই খাবারে মেশানো থাকতে পারত প্রাণঘাতী বিষ।
তিনি মার্গট ওক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জার্মানির পরাক্রান্ত নেতা অ্যাডলফ হিটলারের খাবার চেখে দেখার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল তাঁর ওপর। তাঁর মতো আরও ১৪ জন কম বয়সী নারীকে বেছে নেওয়া হয়েছিল এ কাজের জন্য। দুরুদুরু বুকে খাওয়া শেষ করার পর রুদ্ধশ্বাস অপেক্ষার পালা। বিপদ কেটে গেলে বেঁচে থাকার আনন্দে কেঁদে উঠতেন সবাই।
মার্গট ওকের বয়স আজ ৯৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল ২৫। তখনকার প্রুশিয়ায় হিটলারের সদর দপ্তর ‘উলফস লেয়ারের’ কাছে কাজ করতেন তাঁরা। জীবনসায়াহ্নে এসে গত মঙ্গলবার প্রথমবার জার্মানির আরবিবি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওই ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি।
যুদ্ধ চলার একপর্যায়ে গুজব ছড়িয়ে পড়েছিল যে ব্রিটিশরা হিটলারকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করছে। মার্গট বলেন, ‘হিটলার কখনো মাংস খেতেন না, নিরামিষ খেতেন। এ জন্য আমাদের ভাত, নড্ল্স, পেপার, মোটর আর ফুলকপির মতো খাবার খাওয়ানো হতো। কড়া নিরাপত্তার কারণে হিটলারের সঙ্গে আমার কখনোই দেখা হয়নি।’
কঠিন নিরাপত্তার মধ্যেই এক রাতে হিটলারের এসএস বাহিনীর এক কর্মকর্তা ধর্ষণ করেন ওককে। আবার ১৯৪৪ সালের শেষ দিকে এক সহৃদয় এসএস কর্মকর্তার সহায়তায়ই বার্লিনে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। জার্মানদের পতনের পর রুশ সেনারাও ওককে ধরে নিয়ে ধর্ষণ করে। সূত্র: ইনডিপেেন্ডন্ট