হিটলারের শরীরে ইহুদি রক্ত: রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে চটেছে ইসরায়েল
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুখ্যাত নাৎসি বাহিনীকে নেতৃত্ব দেওয়া অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে লাভরভকে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কী?
জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলেনস্কি ইহুদি, তাতে কী হয়েছে? এই বাস্তবতার নিরিখে তো ইউক্রেনে নাৎসি শক্তির উপস্থিতি অস্বীকার করা যাবে না। আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি।’
সের্গেই লাভরভের এমন মন্তব্যের পর ইসরায়েলের রাজনীতিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ক্ষমা চাইতেও বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল হিটলারের নেতৃত্বাধীন জার্মানির নাৎসি বাহিনী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, লাভরভ তাঁর মন্তব্যের মধ্য দিয়ে ওই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদের দায়ী করেছেন। এই মন্তব্য ‘ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।
রাশিয়ার সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেনের সঙ্গেও দেশটির সম্পর্ক ভালো। রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামাতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইসরায়েল।