হুমকি মাথায় নিয়ে নতুন বছরকে বরণ
সন্ত্রাসীরা হামলা চালাতে পারে—এমন আতঙ্ক ছিল বিভিন্ন শহরে। এর মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিউনিখে দুটি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়। প্যারিস ও ব্রাসেলসে চিরায়ত ঐতিহ্য আতশবাজি বাতিল করা হয়। তার ওপর দুবাইয়ে বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
এত সব দুঃসংবাদের পরও গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছর ২০১৬ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। খবর এএফপির।
ফ্রান্সের প্যারিসে আতশবাজির প্রদর্শনী বাতিল করা হলেও নববর্ষ উপলক্ষে আয়োজনের কমতি ছিল না। বিভিন্ন এলাকায় উৎসবে অংশ নেওয়া লোকজনকে নিরাপত্তা দিতে এক লাখের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নতুন বছরকে স্বাগত জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার কাজ এখনো শেষ করতে পারেনি ফ্রান্স। ১৩ নভেম্বরের মতো আরেকটি হামলার হুমকি এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলার আশঙ্কায় জার্মানির মিউনিখের দুটি স্টেশন বন্ধ ও জনসমাগম কমিয়ে দেওয়া হলেও অন্যান্য এলাকায় নববর্ষ উদ্যাপনের আয়োজন ছিল। এর মধ্যে বার্লিনে উৎসবস্থলগুলোতে তল্লাশি করে লোকজনকে ভেতরে যেতে দেওয়া হয়।
সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিল যুক্তরাজ্যের লন্ডন, রাশিয়ার মস্কো, বেলজিয়ামের ব্রাসেলস, তুরস্কের আঙ্কারা, স্পেনের মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ইন্দোনেশিয়ার জাকার্তাসহ অন্য কিছু বড় শহর।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নববর্ষ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে পাঁচতারকা হোটেল দ্য অ্যাড্রেস ডাউন টাউনে ভয়াবহ আগুন লাগলে কিছুটা অনিশ্চয়তা শুরু হয়। তবে শেষ পর্যন্ত বেশ ঘটা করেই সেখানে নববর্ষ উদ্যাপিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দেশটি নববর্ষ উদ্যাপনের মূল আকর্ষণ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় নানা রকমের আতশবাজি চলছে। যদিও খুব কাছেই অবস্থিত অ্যাড্রেস ডাউন টাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী এসে আতশবাজির আলো কিছুটা ম্লান করে দিচ্ছে। তা দেখতে লোকসমাগমও ছিল উল্লেখ করার মতো।
ভৌগোলিক অবস্থানের কারণে খ্রিষ্টীয় নববর্ষের অনুষ্ঠান প্রথমে শুরু হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মধ্যরাতে (গ্রিনিচ সময় বেলা একটা) শহরের আকাশ আতশবাজিতে ভরে যায়।