রাশিয়ার হুমকির মুখেও ইউক্রেনে আসছে মার্কিন অস্ত্র
ইউক্রেনকে আরও অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার কিয়েভকে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য ২০ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এল। এদিকে রাশিয়ার পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের যে বহর আসছে, তার ওপর হামলা বৈধ বলে বিবেচনা করা হবে। খবর এএফপির।
ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, নতুন সহায়তা প্যাকেজটিতে ইউক্রেনকে সাঁজোয়া, আকাশপথ এবং অন্যান্য হুমকি মোকাবিলায় সহায়তা করার জন্য আরও প্রতিরক্ষামূলক সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে দিয়ে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার মোট পরিমাণ ১২০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনাদের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ছাড়াও পশ্চিমা অনেক দেশ ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, মেশিনগান, বর্মসহ অন্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে। তবে ইউক্রেনে সোভিয়েত যুগের যুদ্ধবিমান পাঠানোর একটি চুক্তিতে একমত হতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। কিয়েভের পক্ষ থেকে ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার একাধিক অনুরোধও নাকচ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এ জোটের আশঙ্কা, ইউক্রেনের হয়ে লড়তে গেলে তাদের সরাসরি রাশিয়ার সঙ্গে লড়তে হবে।
এদিকে পোল্যান্ড প্রস্তাব দিয়ে রেখেছে তারা ইউক্রেনের জন্য পুরো সোভিয়েত আমলের তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান বহর দিতে প্রস্তুত। এর বিনিময়ে তাদের যুক্তরাষ্ট্রের তৈরি সচল যুদ্ধবিমান সরবরাহ করতে হবে। গত বুধবার পেন্টাগনের পক্ষ থেকে পোল্যান্ডের ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
পশ্চিমা অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ এ ঘোষণা দিয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, ওয়াশিংটন কিয়েভে সহজে স্থানান্তরযোগ্য আকাশ প্রতিরক্ষাব৵বস্থার (পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম) মতো অত্যন্ত সংবেদনশীল যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে দ্রুত এসব অস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেনে যেসব অস্ত্র যাচ্ছে তার মধ্যে রয়েছে কাঁধে করে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) প্রভৃতি। এসব অস্ত্র যুদ্ধবিমানে আঘাত হানতে পারে। মার্কিন গোয়েন্দারা আশা করছেন, এসব অস্ত্র ইউক্রেনের বাহিনীকে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী করে তুলবে। তবে এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব অস্ত্র সঠিক স্থানে পৌঁছানোর আগেই বেহাত হয়ে জঙ্গিদের হাতে চলে যেতে পারে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ মুহূর্তে ঝুঁকি নেওয়া যায়। কারণ, ইউক্রেনের সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁদের সঙ্গে থাকা সরঞ্জাম দিয়ে লড়াই করছেন।
ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকে কত ম্যানপ্যাডস স্থানান্তর করা হয়েছে, যা এখনো যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রকাশ করেনি।
এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহর লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তাঁদের পাঠানো কোনো অস্ত্র এখনো রাশিয়ার হাতে পড়েছে এমন প্রমাণও মেলেনি। তবে পরিস্থিতি বদলে যেতে পারে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে দেশটির বিভিন্ন স্থানে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা রুখে দিতে সক্ষম হচ্ছে তারা। এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ এ ঘোষণা দিয়েছেন।
গত শনিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি খুবই বিপজ্জনক। এটা আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। সতর্ক করা হয়েছে, অস্ত্র সরবরাহের এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।’
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পশ্চিমারা। এসব ছোট ছোট অস্ত্রের স্থানান্তরের পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। তবে ওয়াশিংটন এ সতর্কতা খুব একটা আমলে নেয়নি বলেই মনে হচ্ছে।
রাশিয়া জোর দিয়ে বলেছে, তারা দোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিককে রক্ষা করতে প্রতিবেশী দেশে অভিযান চালাচ্ছে। মস্কো আরও বলেছে, তারা ইউক্রেনকে একটি নিরপেক্ষ দেশ ঘোষণা করতে বাধ্য করতে চায়, যেটি কখনোই ন্যাটোতে যোগ দেবে না। এদিকে ইউক্রেনের দাবি, রুশ হামলা পুরোপুরি অন্যায্য। তারা জোর করে বিদ্রোহী অঞ্চলগুলো পুনর্দখলের অভিযোগও অস্বীকার করেছে। রাশিয়ার দাবি, ইউক্রেন দখল করার ইচ্ছা ক্রেমলিনের নেই। দেশটিকে নিরস্ত্রীকরণ করতে ও নাৎসিবাদের বিস্তার রুখতে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের দখল নিয়েছেন রাশিয়ার সেনারা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তাঁরা বলছেন, কিয়েভে হামলার জন্য প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম জড়ো করা শুরু করেছে রুশ বাহিনী। এ বহরে ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে। তাদের বেলারুশ থেকে চেরনোবিল হয়ে জ্বালানিসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে।
রুশ সেনাদের প্রতিহত করতে পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তা চেয়ে বারবার আবেদন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিভিন্ন দেশ ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম জোগান দিচ্ছে। রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে পশ্চিমারা। হামলা শুরুর ১৩ দিনে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে।
এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন জেলেনস্কি। হামলায় ইউক্রেনের সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও প্রাণহানি হচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১ হাজার ৫৪৬ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৬৪ জন। হতাহতের এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছে জাতিসংঘ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত শুক্রবার জানিয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। ৮ মার্চ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছিলেন, ওই দিন পর্যন্ত ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন।