হ্যাকিংয়ের অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত রাশিয়া!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে হ্যাকিংয়ের অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে রাশিয়া! সোমবার মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি এসকভ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা হ্যাকিংয়ের যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বেশ কিছুদিন থেকেই যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারিকে পরাজিত করতে ডেমোক্রেটিক পার্টির নেতাদের ইমেইল হ্যাক করার নির্দেশ দেন। গত শুক্রবার মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনেও এই অভিযোগ তোলা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর দিমিত্রি এসকভই রাশিয়ার হয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রতিক্রিয়া জানালেন।
এসকভ বলেন, ‘রাশিয়া সুনিশ্চিতভাবে অস্বীকার করছে যে, মস্কো কোনো ধরনের হ্যাকিংয়ে জড়িত ছিল না। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি তাদের অপেশাদারি মনোভাবের পরিচায়ক। আমরা জানি না তারা আসলে কোন তথ্যের ওপর নির্ভর করে এটা বলা হচ্ছে।’
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার জন্য ‘সাহায্য করতে চেয়েছিলেন’ ভ্লাদিমির পুতিন। গত শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘রাশিয়ার নেতা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি প্রচার অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।’
এ সব অভিযোগ ও সমালোচনার মুখে গত শনিবার ধারাবাহিক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের বিরোধিতাকারীদের নিন্দা জানিয়ে তাদের ‘নির্বোধ বা বোকা’ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে বিশ্বের ওপর চেপে বসা অনেক সমস্যা ও ইস্যুর মধ্যে কয়েকটির সমাধানে’ রাশিয়ার সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: