১০ মাস পর কোমা থেকে জেগে উঠলেন নারী
১০ মাস হাসপাতালে কোমায় থাকার পর জেগে উঠলেন ইতালির এক নারী। স্বজনদের সঙ্গে কথাও বলেছেন তিনি। ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ক্রিস্টিনা রোসি (৩৭) নামের ওই নারী গত বছরের জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি মেয়ে হয়। মেয়েটির নাম রাখা হয়েছে ক্যাটেরিনা। মস্তিষ্কের ক্ষতি হওয়ায় ক্রিস্টিনা রোসি কোমায় চলে যান। এর পর থেকে ওই অবস্থায় ছিলেন তিনি।
ক্রিস্টিনার স্বামী গ্যাব্রিয়েল সুসি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁর স্ত্রী জেগে উঠেছেন। তিনি কথাও বলেছেন।
তিনি বলেন, ‘আমরা এতটা আশাও করিনি। এত ভোগান্তির পর এটা সত্যিই দারুণ আনন্দের ব্যাপার।’
বিশেষজ্ঞ চিকিৎসাসেবার জন্য গত এপ্রিলে রোসিকে ইতালি থেকে পাশের দেশ অস্ট্রিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। যখন রোসি জেগে ওঠেন এবং কথা বলেন, তখন তাঁর স্বামী ও মা তাঁর পাশেই ছিলেন।
বিবিসির তথ্যমতে, অনলাইনে অর্থ সংগ্রহ করে রোসির চিকিৎসার খরচ জোগানো হয়। তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১ লাখ ৭০ হাজার ইউরোর বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।
গ্যাব্রিয়েল সুসিকে উদ্ধৃত করে ইতালির একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘বর্তমানে ক্রিস্টিনার চেহারা এতটাই খারাপ হয়ে গেছে যে তাঁকে চেনা মুশকিল হয়ে গেছে। তবে আগের চেয়ে তাঁর অবস্থা ভালো। চিকিৎসকেরা তাঁর শ্বাসনালি থেকে নল অপসারণ করেছেন। এই নলের মাধ্যমে ওষুধ দেওয়া হতো।’
ক্রিস্টিনা ও গ্যাব্রিয়েল দম্পতির শিশুসন্তানটিও কয়েক মাস হাসপাতালে ছিল। জন্মের সময় শিশুটি অক্সিজেনের অভাবে ভুগছিল।